ঝিলে প্রভাবশালীদের ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া ও রামপুরা বউবাজারের মধ্যবর্তী ঝিলের পানির ওপর, আশপাশে গড়ে ওঠা শ খানেক বাঁশ-কাঠ ও টিনের তৈরি ঝুঁকিপূর্ণ বাড়িঘরের মালিক স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। এই তালিকায় আছেন যুবলীগ ও জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির কয়েকজন নেতা, কথিত সাংবাদিক, ব্যবসায়ীসহ প্রভাবশালী ব্যক্তিরা।
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া যায়, এঁদের সংখ্যা অন্তত ২০ জন। পুলিশ, জেলা প্রশাসন, রাজউক ও সিটি করপোরেশনের নাকের ডগায় নির্বিঘ্নে প্রভাবশালীরা ঝিল ভরাট করে, কেউবা ঝিলের ওপর ঝুঁকিপূর্ণ একতলা-দোতলা বাড়ি গড়ে তুলেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর প্রভাব খাটিয়ে বা ভিন্ন উপায়ে ম্যানেজ করে চলছে এসব অবৈধ কর্মকাণ্ড।
গত বুধবার বিকেলে এই ঝিলে একটি দোতলা বাড়ি দেবে নারী-শিশুসহ ১২ জনের মৃত্যু হয়। মামলা হলেও বাড়িটির মালিক যুবলীগ নেতা গতকাল শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার হননি। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার আগে কমলাপুর রেলস্টেশন নির্মাণের সময় জমি ভরাটের জন্য এখানকার মাটি কেটে ঝিলের সৃষ্টি করা হয়। ঝিলটি দেখাশোনার দায়িত্বে ছিল গণপূর্ত মন্ত্রণালয়। কিন্তু বছরের পর বছর মন্ত্রণালয়ের তদারকি না থাকায় ধীরে ধীরে ঝিলটি বেদখল হতে শুরু করে। যখন যে সরকার ক্ষমতায় আসে, সেই সরকারের প্রভাবশালী লোকজন ঝিলের এসব জমি দখল করেন।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ-সংলগ্ন ও রামপুরার বউবাজারের মধ্যবর্তী স্থানে ৩৯ একর জায়গা নিয়ে এই বিশাল ঝিল। এর উত্তরে রামপুরা বউবাজার, দক্ষিণে মালিবাগ চৌধুরীপাড়া, পূর্ব দিকে খিলগাঁও রিয়াজবাগ ও পশ্চিমে রামপুরা হাজিপাড়া। ঝিলের চারপাশে এবং মধ্যখানে গড়ে উঠেছে বাঁশ-কাঠ ও টিনের একতলা-দোতলা একেকটি লম্বা বাড়ি। সবদিকেই মাটি ভরাট চলছে। সেখানে এখনো নতুন নতুন বাড়ি উঠছে। প্রতিটি বাড়ি ঘিরে আছে কচুরিপানা, বড় বড় ঘাস, কচু গাছসহ আগাছা-পরগাছা। ময়লা-আবর্জনার স্তরের ওপর এসব জন্মেছে। জানা গেল, এর নিচে পাঁচ থেকে আট ফুট পর্যন্ত পানি রয়েছে। নোংরা, পচা, দুর্গন্ধময় পানির ওপর বাঁশের খুঁটি এবং কাঠের মাচায় তৈরি বাড়িঘর নড়বড় করে। এসব ঘরে থাকেন পোশাকশ্রমিক, ভ্যানচালক, রিকশাচালক, হকার, ভাঙারি ব্যবসায়ী, দিনমজুর, রাজমিস্ত্রিসহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। রামপুরার বউবাজার ও মালিবাগ চৌধুরীপাড়ায় আসা-যাওয়ার জন্য এসব বাড়ির সঙ্গে ঝিলের ওপর একাধিক বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে।
দেবে যাওয়া মনির হোসেনের বাড়ির কাছে ঝিলের ওপর হারুন অর রশীদের বাঁশ, টিন ও কাঠের তৈরি একটি একতলা বাড়ি। এই বাড়িতে ১৪টি ঘর আছে। বাড়িটির তত্ত্বাবধায়ক আবদুস সাত্তার পাশের আরও তিনটি বাড়ি দেখিয়ে বলেন, এগুলোর মালিকও হারুন অর রশীদ। তিনি প্লাস্টিক সামগ্রীর ব্যবসায়ী।
ওই বাড়িতে ঢুকে দেখা যায়, বাঁশের খুঁটি ও টিনের বেড়া দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে। কাঠের পাটাতনের ওপর দিয়ে হাঁটার সময় বাড়িটি দুলছিল। এসব বাড়িতে রয়েছে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিপজ্জনক সংযোগ।
বাড়ির বাসিন্দা মো. ইউসুফ বলেন, একটি ঘর ৩ হাজার ৮০০ টাকায় ভাড়া নিয়েছেন। বাড়িতে থাকতে ভয় করলেও করার কিছুই নেই। রিকশা চালিয়ে কোনোরকমে দিন চলে।
ঝিলের পানির ওপর যুব সংহতির ঢাকা মহানগর দক্ষিণের নেতা শেখ সারোয়ার হোসেন বাড়ি করেছেন। রুহুল নামে এক ব্যক্তি জানান, তিনি সারোয়ার নামে একজনের কাছ থেকে ভাড়া নিয়ে মেস চালাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সারোয়ার ঝিলের দুই বিঘা জমি ভরাট করেছেন। এর পূর্ব দিকে ঝিল দখল করে ঢাকা মহানগর ২৩ নম্বর ওয়ার্ড চালক লীগের কার্যালয় গড়ে তোলা হয়েছে। ঝিলের ওপর টিনের একটি লম্বা বাড়ি তুলেছেন মালিবাগ চৌধুরীপাড়ার মশিউর রহমান। বাঁশের সাঁকো দিয়ে ওই বাড়িটিতে ঢুকে দেখা যায়, টিনের এই বাড়িটি কাঠের মাচা করে বানানো হয়েছে। করিডোরের দুই দিকে ১১টি করে ঘর আছে।
বাড়িটির তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন, একেকটি ঘরের ভাড়া ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকা পর্যন্ত। মশিউরের রহমানের বাড়ির উত্তর-পূর্ব দিকে বেণু মিয়া সাড়ে নয় কাঠা জমি ভরাট করে এতে চারটি টিনের বাড়ি করে রিকশা গ্যারেজ, দোকান ও নিম্ন আয়ের লোকদের ভাড়া দিচ্ছেন। তিনি সাংবাদিক বলে পরিচয় দেন।
দেবে যাওয়া মনির হোসেন চৌধুরীর বাড়িটির পূর্ব পাশে রয়েছে খান সাহেবের টিনের তৈরি একটি দোতলা বাড়ি। তিনি থাকেন রামপুরায়। সেখানে একটি দোতলা টিনের বাড়িতে ঘর আছে ৩০টিরও বেশি।
এ ছাড়া ঝিলের ওপর ও আশপাশে আছে হারুন মৌলভি, জয়নাল আবেদীন, আবদুল মালেক, ইসলাম মিয়া, সবদান আলী, রফিকুল ইসলাম, আবদুল আউয়াল, তাজুল ইসলাম ও কামরুলের ইসলামের টিনের তৈরি বাড়ি। দেখা যায়, এসব বাড়িতে ছয়-সাতটি পরিবারের জন্য একটি কাঁচা পায়খানা ও একটি রান্নাঘর রয়েছে।
একটি বাড়ির মালিক আবদুল মালেক জানান, তিনি পাঁচ বছর আগে এ বাড়িটি তৈরি করেন। মাঝে মাঝে সিটি করপোরেশন ও রাজউকের লোকজন বাড়ি উচ্ছেদ করতে আসে। তখন পুলিশ ও এলাকার ছেলেদের ম্যানেজ করতে হয়।
যোগাযোগ করা হলে ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ঝুঁকিপূর্ণ এসব টিনের বাড়িঘর তৈরিতে অনুমোদন নেওয়া হয়নি। ঝিলে গণপূর্তের প্রায় সাড়ে তিন একর জমি আছে। বাকিরা খরিদসূত্রে জমির মালিক। তবে কারা অবৈধভাবে জমি ভরাট করে বাড়িঘর তৈরি করেছে, তা গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে দেবে যাওয়া দোতলা বাড়িটি ক্রেন দিয়ে টেনে সরিয়ে নেওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মুশফিকুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, নিখোঁজ আছে এমন কেউ অভিযোগ করছেন না। তবু শতভাগ নিশ্চিত হতে উদ্ধারকাজ চলছে।
বাড়িটি দেবে যাওয়ার পর শিশু রিপনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক আবদুল মান্নান বলেন, রিপন অন্যত্র বেড়াতে গিয়েছিল। গতকাল শুক্রবার সকালে সে ফিরে এসেছে।