ঝিলের বাড়ি নিয়ে তৎপর প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ঝিলের ওপর তৈরি কাঠ ও টিনের বাড়ি দেবে গত শনিবার মারা গেছেন ১২ জন। ঘটনাস্থলের আশপাশে আছে এমন আরও অনেকগুলো ঝুঁকিপূর্ণ বাড়ি। গতকাল তোলা ছবি l প্রথম আলো |
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ঝিলের ওপর তৈরি কাঠ ও টিনের বাড়ি দেবে গত শনিবার মারা গেছেন ১২ জন। ঘটনাস্থলের আশপাশে আছে এমন আরও অনেকগুলো ঝুঁকিপূর্ণ বাড়ি। গতকাল তোলা ছবি l প্রথম আলো |

একটি বাড়ি পানিতে দেবে গিয়ে ১২ জনের প্রাণহানির পর রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ঝিলের ওপর তৈরি ঝুঁকিপূর্ণ বাড়িগুলোর বিষয়ে নড়চড় শুরু হয়েছে প্রশাসনের। এগুলো খাস না ব্যক্তিমালিকানার জমিতে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঝিলের পানির ওপর বাঁশ, টিন, কাঠ দিয়ে তৈরি শ খানেক বাড়িতে বাস করে কয়েক হাজার মানুষ। যাদের সবাই নিম্ন আয়ের। প্রায় দুই বছর আগে সেখানে বাড়ি তৈরি করে ভাড়া দেওয়া শুরু হয়। বাড়ি করতে কোনো অনুমতিও নেওয়া হয়নি। তবে বিদ্যুৎ, পানি ও গ্যাসের অবৈধ সংযোগ আছে এসব বাড়িতে।
গত বুধবার বিকেলে টিনের একটি দোতলা বাড়ি পানিতে দেবে প্রাণহানির ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির মালিক যুবলীগের নেতা মনির হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। রামপুরা থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশীদ। মনিরকে গ্রেপ্তার করা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন দিয়ে পুরো বাড়িটি পানি থেকে টেনে সরিয়ে ফেলেছেন। আরও লাশ আছে কি না, তা নিশ্চিত হতে ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন।
এলাকাবাসী ও অন্যান্য সূত্রে জানা যায়, দুই বছর আগে ঝিলের পানির ওপর টিনের বাড়ি তৈরি শুরু হয়। এখনো বাড়ি উঠছে। মালিবাগ চৌধুরীপাড়া ও রামপুরার বউবাজারের মধ্যবর্তী স্থানে এই বিশাল ঝিল।
সরেজমিনে দেখা যায়, বাড়িগুলোর কোনোটি সম্পূর্ণ পানির ওপর, কোনোটির একাংশ ভরাট করা অংশে, বাকিটুকু পানিতে। কোনোটি টিনের একতলা, কোনোটি টিনের দোতলা। বাড়িগুলোতে বেশ কটি ঘর। সবগুলোতেই থাকে ভাড়াটেরা। তত্ত্বাবধান করেন মালিক নিয়োজিত ব্যক্তি। প্রতি ঘরে পাঁচ থেকে সাতজনের বসবাস।
নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত ১০ জন বাসিন্দা গতকাল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মনির হোসেনসহ বেশ কিছু ব্যক্তি ঝুঁকিপূর্ণ এসব বাড়ি তুলে ভাড়া দিয়েছেন। বউবাজারের বাসিন্দা মো. সেলিম জানান, দুই বছর আগে থেকে এখানে টিনের বাড়ি উঠছে। এখানে সরকারি খাসজমির পাশাপাশি ব্যক্তিমালিকানার জমিও আছে। কোনো কোনো মালিক নিজের জমির পাশাপাশি তিন-চার গুণ জমি দখল করেছেন।
মালিবাগ চৌধুরীপাড়ার মাটি মসজিদের পাশের বাসিন্দা জুয়েল সওদাগর জানান, একসময় ঝিলের জমি ছিল অন্তত ৩৯ একর। অনেক অংশ লোকজন মাটি ফেলে ভরাট করেছেন। দেবে যাওয়া বাড়ির উত্তর-পূর্ব দিকের দোতলা বাড়িটির মালিক হারুন-অর-রশীদ। বাড়িটির তত্ত্বাবধায়ক আবদুস সাত্তার বলেন, এই বাড়ির দুই-তৃতীয়াংশ ভরাট করা অংশে, বাকিটা পানির ওপর। তাঁর দাবি, এ কারণে এই বাড়ির বাসিন্দারা নিরাপদ।
ওই বাড়ির ভাড়াটে সিদ্দিক মিয়া বলেন, ভাড়া কম হওয়ায় নয় মাস আগে তিনি তিন হাজার টাকায় একটি ঘর ভাড়া নিয়েছেন। পাশের বাড়ি দেবে যাওয়ায় এখন ‘ভয়’ লাগছে। তবে তিনি বলেন, ‘মৃত্যু যদি আসে যে জায়গায় যাই না কেন, সেইখানেও মৃত্যু হবে।’
গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া। তিনি বলেন, এখানে কিছু খাসজমির পাশাপাশি ব্যক্তিমালিকানার জমিও আছে। গণপূর্তের প্রায় সাড়ে তিন একর জমি আছে। যে বাড়ি দেবে গেছে, তার মালিক মনির ও তাঁর স্ত্রীর জমি আছে ০.০৪২১৫ একর। খরিদসূত্রে আরও কয়েকজন মালিকের নাম পাওয়া গেছে। কেউ জমি অবৈধ দখল করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, শিগগিরই এ এলাকার ঝুঁকিপূর্ণ বাড়ি চিহ্নিত করে উচ্ছেদ করা হবে।
মামলা: বাড়ি দেবে ১২ জনের মৃত্যুর ঘটনায় মনিরকে একমাত্র আসামি করে গতকাল বিকেলে রামপুরা থানায় করা মামলায় বলা হয়, মনির জলাশয়ের ওপর ঝুঁকিপূর্ণ দোতলা টিনের বাড়ি তুলেছেন। বাড়িটির নিচতলা দেবে ১২ নারী-পুরুষ-শিশু মারা গেছে। তাঁর অবহেলার কারণে এসব প্রাণহানি ঘটেছে।
আরেকজনের লাশ উদ্ধার: বুধবার রাত দেড়টার দিকে দেবে যাওয়া বাড়িটি থেকে সর্বশেষ সাজেদা আক্তারের (২৩) লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। বাড়িটির ভাড়াটে সাজেদার গ্রামের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়ায়। স্বামীর নাম মো. মাসুদ। ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ওই রাতে বরগুনা সদর উপজেলার কালাইমুদা ফাকা গ্রামের বাসিন্দা মুদি দোকানি হারুন-অর-রশীদ (৪৫), ভোলা সদর উপজেলার ইলিশাহাটের বাসিন্দা রুনা বেগম (১৬), বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুরের আবদুল মালেকের স্ত্রী করুণা বিবি (৫৫), পিরোজপুরের আলমকাঠির খলিল শেখের ছেলে সাইফুল ইসলাম (১৪), কাঠালিয়ার জাঙ্গালিয়ার সিএনজিচালিত অটোরিকশাচালক জাকির হোসেন (৪৫), কুমিল্লার দাউদকান্দির বাহেরচরের রুশিয়া বেগম (৭২) ও আরাফাত আলীর মেয়ে ফারজানার (৯) লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ওই রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে আখের রসবিক্রেতা নিজাম উদ্দিন (৪৫), তাঁর স্ত্রী কল্পনা আক্তার (৪০), পুত্রবধূ ছয় মাসের অন্তঃসত্ত্বা রোখসানা বেগম (২২), ঝালকাঠির রাজাপুর উপজেলার আদাখোলার রিকশাচালক মিজানুর রহমানের (২৫) লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, মৃত ১২ জনের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বুধবার রাতেই লাশ নিয়ে স্বজনেরা গ্রামের বাড়িতে গেছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ১০টার দিকে ক্রেন দিয়ে ওই বাড়ি টেনে সরিয়ে আনেন। এরপর ডুবুরিরা লাশের সন্ধানে তল্লাশি চালান। তবে গতকাল রাত পর্যন্ত আর কোনো লাশ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেনি। কেউ নিখোঁজ নেই—এ বিষয়ে শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অভিযান) মেজর এ কে এম শাকিল নেওয়াজ খান।
শিশুর খোঁজে স্বজনেরা: দেবে যাওয়া বাড়িটির বাসিন্দা গাড়িচালক সেলিমের ছেলে শিশু রিপন হোসেন (১২) ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে। রিপনের ভগ্নিপতি ইব্রাহিম জানান, তাঁর শ্বশুর-শাশুড়ির সঙ্গে বাড়ির দোতলায় থাকত রিপন। ঘটনার পর থেকে রিপনের খোঁজ পাওয়া যাচ্ছে না। রিপন আটকা পড়েছে না অন্য কোথাও গেছে, তা তাঁরা জানেন না। তার জন্য পরিবারের সবাই উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।
বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এটি নিছক দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। এর দায় রাজউক, সিটি করপোরেশন ও জেলা প্রশাসন এড়াতে পারে না। নিহত ব্যক্তিরা সরকারি দলের লোকজনের ভাড়া-বাণিজ্যের শিকার। সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ওই ভবনের মালিকের মতো দোতলা এই টিনের বাড়ির নির্মাতাকেও গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।