ঝুঁকি নিয়ে যাত্রীদের ট্রেনে ওঠানামা
কারওয়ান বাজার ও মগবাজার রেলক্রসিংয়ের মধ্যবর্তী রেললাইনটি এক অঘোষিত স্টেশনে পরিণত হয়েছে। ট্রেনগুলো ওই পথে যাতায়াতের সময় একটি সেতুর কারণে অপেক্ষাকৃত ধীরগতিতে চলে। এ সুযোগে অনেক নারী-পুরুষ, এমনকি শিশুও ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনে ওঠানামা করে।সেতুটির দুই পাশে প্রতিদিন সকাল-বিকেল মানুষের ভিড় দেখা যায়। প্রকৃতপক্ষে তাদের বেশির ভাগই ট্রেনে ওঠার জন্য সেখানে ভিড় করে। ঢাকার বাইরে থেকে আসা ট্রেনে কমলাপুরের দিকে যাওয়া এবং কমলাপুর থেকে দেশের যেকোনো স্থানের ট্রেনে ওঠে তারা এখান থেকেই।ট্রেন চলাচলের পথ হিসেবে এটি খুবই ব্যস্ত একটি জায়গা। কয়েক মিনিট পরপরই একটি করে ট্রেন এখান থেকে আসে-যায়, মিটারগেজ ও ব্রডগেজ—দুই ধরনেরই। প্রতিটি ট্রেন আসা-যাওয়ার সময়ই সেতুর কাছে এসে গতি কিছুটা কমায়। অনেক ট্রেন প্রায় থেমে যাওয়ার মতোই ধীরগতিতে এগোয়। কারণ, সেখানকার ছোট্ট রেলসেতুটি বেশ ঝুঁকিপূর্ণ।যেখানে ট্রেনগুলো গতি কমায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে, মানুষ বাঁচাতে—সেখানেই মানুষ ভিড় করে থাকে ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠার জন্য। ঢাকার বাইরে থেকে কোনো ট্রেন এসে কারওয়ান বাজারের ওই রেলসেতুর কাছে যখনই গতি কমায়, তখনই সেতুর দুই প্রান্তে অপেক্ষমাণ সবাই ছুটে যায় ট্রেনে ওঠার জন্য। গন্তব্য—কমলাপুর রেলস্টেশন।একইভাবে কমলাপুর থেকে আসা ট্রেন যখন এখানে এসে গতি কমায়, তখনো মানুষের ভিড় হয় ট্রেনে ওঠার ও ট্রেন থেকে নামার জন্য। যারা কারওয়ান বাজারে এসে নামছে, তারা উঠেছে কমলাপুর থেকে; আর যারা কারওয়ান বাজার থেকে উঠবে, তারা নামবে পরবর্তী বা দূরবর্তী কোনো স্টেশনে।এখান থেকে যারা ওঠানামা করে, তাদের সাধারণত কোনো ভাড়া দিতে হয় না। তবে বড় রকম ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হয়, যেহেতু এটি কোনো স্টেশন নয়। এমনও দেখা গেছে যে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কেউ পড়ে যাচ্ছে। নামতে গিয়েও টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে অনেকে। কেউ কেউ গুরুতর জখমও হচ্ছে।জানা গেছে, সেখানকার ছোট্ট রেলসেতুটির মেরামতকাজের গতি শ্লথ। ফলে দীর্ঘদিন থেকে চলছে ঝুঁকি নিয়ে যাত্রীদের ওঠানামা।