ঝুঁকি নিয়ে সড়ক পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাছেই পদচারী–সেতু আর পাতালপথ। তবু পথচারীদের অনেকেই এভাবে ঝুঁকি নিয়ে সড়ক পার হন। ছবিটি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে থেকে তোলা l প্রথম আলো
কাছেই পদচারী–সেতু আর পাতালপথ। তবু পথচারীদের অনেকেই এভাবে ঝুঁকি নিয়ে সড়ক পার হন। ছবিটি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে থেকে তোলা l প্রথম আলো

সড়ক বিভাজকের কাঁটাতারের বেড়া কোথাও কাটা আবার কোথাও আড়াই ফুট উঁচু বেড়ার তার বেঁকেচুরে বিভাজকের সমান্তরালে নামিয়ে আনা হয়েছে। কারওয়ান বাজারের ব্যস্ত রাস্তায় সড়ক-বিভাজকের বেড়ার এই কাটা অংশ দিয়ে বা বেড়া ডিঙিয়ে ঝুঁকিপূর্ণভাবে সড়ক পারাপার করছে পথচারীরা। রাস্তা পার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

সড়ক পারাপারের নিয়ম সম্পর্কে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগের সহকারী কমিশনার আদিবুল ইসলাম বলেন, যেখানে রাস্তা পারাপারে নির্দেশনা বা বিশেষ ব্যবস্থা থাকবে, সেখানেই কেবল পথচারীরা মূল সড়ক দিয়ে পার হতে পারবেন। বাকি ক্ষেত্রে অবশ্যই সড়ক পারাপারে পদচারী-সেতু ব্যবহার করতে হবে। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ভিআইপি সড়ক। এখানে রাস্তা পারাপারের কোনো সুযোগ নেই।

গতকাল শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর সার্ক ফোয়ারা থেকে ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হল পর্যন্ত এলাকা ঘুরে দেখা যায়, এই সড়ক বিভাজকের চারটি অংশে কাঁটাতারের বেড়া কেটে ফেলা হয়েছে। নর্দান বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রধান কার্যালয়, স্টার কাবাব রেস্তোরাঁ ও প্রজাপতি গুহা পাতালপথের সামনে কাটা অংশ দিয়ে দ্রুতগতির গাড়ি চলাচলের মধ্যেই দৌড়ে পার হচ্ছেন পথচারীরা। তাঁদের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হুমায়ুন কবির বলেন, ‘এভাবে রাস্তা পারাপার ঝুঁকিপূর্ণ। কিন্তু আজ শুক্রবার গাড়ির চাপ কম থাকায় রাস্তা দিয়ে পার হচ্ছি।’

ফার্মভিউ সুপার মার্কেট থেকে ডেইলি স্টার ভবন পর্যন্ত চার জায়গায় সড়ক বিভাজকের বাঁকানো বেড়া ডিঙিয়ে সড়ক পারাপার চলছে। ফার্মগেট পদচারী-সেতুর ঠিক নিচ দিয়েই বেড়া ডিঙিয়ে পার হচ্ছেন পথচারীরা। ফার্মগেট পুলিশ বক্সে কর্তব্যরত কনস্টেবল চান মিয়া বলেন, ‘আমরা দিনে কয়েকবার পথচারীদের ফুটওভার ব্রিজে তুলে দেই। কিন্তু সুযোগ পেলেই তারা নিচ দিয়ে পার হন।’

প্রথম আলোয় প্রকাশিত সংবাদের হিসাবেই দেখা গেছে, গত আট মাসে কারওয়ান বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর সড়ক বিভাজকের কাঁটাতারের বেড়ার ফাঁকা অংশ দিয়ে পার হতে গিয়ে বাসের ধাক্কায় নিহত হয় মাদ্রাসাছাত্র রবিউল আউয়াল। পুলিশের সহকারী কমিশনার আদিবুল ইসলাম বলেন, বৃহস্পতিবারও এখানে রাস্তা পার হতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। একটা লোকও যদি পারাপারের জন্য রাস্তায় নামে, তাহলে সব গাড়ির গতি ব্যাহত হয়।

কারওয়ান বাজার এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এ পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে প্রধান আঞ্চলিক কর্মকর্তা এস এম অজিয়র রহমান বলেন, পারাপার বন্ধে আমরা কাঁটাতারের বেড়া দিয়েছি। কিন্তু রাতের আঁধারে কিছু স্থানীয় ব্যক্তি বিভিন্ন জায়গা কেটে ফেলেছে। কেটে ফেলা অংশগুলো আপাতত বন্ধ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রজাপতি গুহার কাজ শেষ হবে।