স্বল্পোন্নত ৭৭টি দেশের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বাংলাদেশ। তাই বিশ্বব্যাপী বিষয়টি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশকেই নেতৃত্ব দিতে হবে। কার্বন নির্গমন হ্রাস এবং এর সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের নিজস্ব মতামত আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে হবে।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন) আয়োজিত দুই দিনব্যাপী পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে এই কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। এই সম্মেলন থেকে মোট ছয়টি ঘোষণা আসে।এসব ঘোষণার মধ্যে রয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত কুফল মোকাবিলায় আন্তর্জাতিকভাবে যে তহবিল গঠন করা হয়েছে, তাতে বাংলাদেশের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের বরাদ্দ রাখতে হবে। সেই সঙ্গে বাংলাদেশে স্থানীয় পর্যায়ে নেওয়া উদ্যোগগুলোকে বাস্তবায়ন করতে হবে।গতকাল সম্মেলনের সমাপনী দিনে ‘বন ও জীববৈচিত্র্য’ শীর্ষক পর্বে বক্তারা বলেন, দেশের যেকোনো উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশের বিপুল পরিমাণ বনজ সম্পদ উজাড় হয়ে যায়। বাংলাদেশের পরিবেশ চরম ঝুঁকির সম্মুখীন। এই ঝুঁকি মোকাবিলায় সরকার কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে।অধ্যাপক বজলুল হক খন্দকারের সভাপতিত্বে এই পর্বে অতিথি আলোচক পরিবেশবিদ দ্বিজেন শর্মা বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের ধারাবাহিকতা এবং তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।‘নদী ও জলাশয়: দুর্যোগ মোকাবিলা’ শীর্ষক পর্বে বক্তারা বাংলাদেশের নদী রক্ষায় বদ্ধ পদ্ধতির পরিবর্তে উন্মুক্ত পদ্ধতি ব্যবহার করার আহ্বান জানান। এই অধিবেশনে নেপালের নদী বিশেষজ্ঞ গোপাল চিন্তন বলেন, নদী দক্ষিণ এশিয়ার জনসাধারণের ঐতিহ্যের অংশ। কাজেই সবার কাছে গ্রহণযোগ্য একটি কাঠামো প্রণয়ন করা প্রয়োজন। এই পর্বে বেনের বৈশ্বিক সমন্বয়ক নজরুল ইসলাম সভাপতিত্ব করেন।‘বাংলাদেশ পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন’ শীর্ষক পর্বে বক্তারা জলবায়ুর পরিবর্তনজনিত বিভিন্ন সমস্যার উল্লেখ করে বলেন, নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জলবায়ুর কারণে যারা বাস্তুহারা হবে, তাদের জন্য আবাস গড়ে তুলতে দায়ী দেশগুলোকে উদ্যোগী হতে হবে। এ জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ থেকে জোরালোভাবে দাবি জানানোর আহ্বান জানানো হয়। পরিবেশবিদ আতিক রহমান এই পর্বের সভাপতিত্ব করেন। এ ছাড়া বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে বাংলাদেশের পরিবেশ রক্ষায় ঢাকা ঘোষণা গৃহীত হয়।