ঝুঁকিতে গুলশানের সড়ক বিভাজকের গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান ১ নম্বর থেকে সড়ক বিভাজকের উন্নয়নকাজ শুরু হয়েছে। এতে কাটা পড়ছে অনেক গাছের ডাল ও শেকড় l প্রথম আলো
গুলশান ১ নম্বর থেকে সড়ক বিভাজকের উন্নয়নকাজ শুরু হয়েছে। এতে কাটা পড়ছে অনেক গাছের ডাল ও শেকড় l প্রথম আলো

গুলশান ১ নম্বর গোলচত্বর থেকে দক্ষিণ দিকে শুটিং ক্লাব পর্যন্ত সড়ক বিভাজকে সবুজ গাছগুলো এখনো বেঁচে আছে। তবে কিছুদিন পর এই সবুজ আর থাকবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ, সড়ক বিভাজক সংস্কারকাজের কারণে কাটা পড়ছে এসব গাছের ছড়ানো শিকড় এবং ডালপালা।

এর আগে একই কারণে গুলশান ২ নম্বরেও সড়ক বিভাজকের গাছগুলো মারা পড়ে। সেখানে এখনো নতুন কোনো গাছ লাগানো হয়নি।

গত বৃহস্পতিবার গিয়ে গুলশান ১ নম্বর গোলচত্বর থেকে শুটিং ক্লাব পর্যন্ত সড়ক বিভাজকে আম, বকুল, দেবদারু, টগর, ছাতিমগাছসহ বিভিন্ন ফুলের গাছ দেখা যায়। ছোট-বড় মিলিয়ে সংখায় শতাধিক। এসব গাছের কয়েকটির ডাল কাটা দেখা গেছে। কয়েকটি গাছের ছোট-বড় শিকড় কাটা পড়ছে। বিভাজক তৈরির ইট, কেটে রাখা মাটি ও ডাল গাছের গোড়ায় রাখা। কিছু গাছের গোড়া ঘেঁষে নিচে মাটি কেটে গর্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ বিভাজক মূল সড়ক থেকে দুই ফুট উঁচু হবে। আর সড়ক থেকে নিচের দিকে দুই ফুট গভীর যাবে ঢালাই।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিকল্পনায় গুলশানে শুরু হওয়া এই প্রকল্পের নাম ‘গুলশান, বনানী ও বারিধারা কূটনৈতিক এলাকার সড়ক, নর্দমা এবং ফুটপাত নির্মাণ ও উন্নয়ন প্রকল্প’। ডিএনসিসির অঞ্চল ৩ থেকে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এর ব্যয় প্রায় ৭ কোটি টাকা বলে জানান ডিএনসিসির উপসহকারী প্রকৌশলী কামরুল হাসান।

ঢালাইয়ের কাজে যুক্ত শ্রমিক আবদুল আলীম বলেন, ‘প্রথমে কিছু নমুনা ঢালাই করা হবে। এরপর তা ঠিক থাকলে পুরো কাজ করা হবে। ঠিক না হলে ভেঙে আবার নতুনভাবে ঢালাই করা হবে। কিছুদূর পর্যন্ত বিভাজকের ভেতর বড় নালা বসানো হচ্ছে। আর ঢালাই দিয়ে দেয়াল বানানোর কাজ চলছে।’

গুলশান ১ নম্বর থেকে সড়ক বিভাজকের উন্নয়নকাজ শুরু হয়েছে। এতে কাটা পড়ছে অনেক গাছের ডাল ও শেকড় l প্রথম আলো
গুলশান ১ নম্বর থেকে সড়ক বিভাজকের উন্নয়নকাজ শুরু হয়েছে। এতে কাটা পড়ছে অনেক গাছের ডাল ও শেকড় l প্রথম আলো

আরেক শ্রমিক জানালেন, তিনি শুনেছেন গুলশান ১ নম্বর থেকে ২ নম্বরে পর্যন্ত বিভাজক তৈরির কারণে গাছগুলো মারা গেছে। তবে এখানে গাছ মরবে না, কারণ বেশি শিকড় কাটা পড়ছে না।

গুলশান শুটিং ক্লাব অংশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হাসিবুল ইসলাম বলেন, ‘শুনেছি, গুলশান ২-এর গাছগুলো মারা গেছে। এদিকেও সে রকম হলে খুব খারাপ হবে। কারণ, গাছ থাকায় এলাকাটা তুলনামূলক ঠান্ডা থাকে। এগুলো মরে গেলে আর কত দিনে এ রকম সবুজ তৈরি হবে, তার কোনো ঠিক নাই।’

হাসিবুল বলেন, রাস্তার কাজের জন্য এই এলাকায় ধুলা বেড়ে গেছে। গাছগুলোতে বা রাস্তায় পানি দিলে গাছও বাঁচত, ধুলাও উড়ত না।

ডিএনসিসির উপসহকারী প্রকৌশলী কামরুল হাসান বলেন, গাছ বাঁচানোর জন্যই আগের চেয়ে মিডিয়ান (সড়ক বিভাজক) প্রশস্ত করা হয়েছে। আগে বিভাজক ছিল ৬ ফুট, এখন করা হচ্ছে ৮ ফুট চওড়া। আর এবার কোনো গাছে হাত দেওয়া হবে না। যদি একান্তই গাছ কাটতে হয়, তাহলে বন বিভাগের অনুমতি নিয়ে কাটা হবে।

জানতে চাইলে বন বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা উম্মে হাবিবা প্রথম আলোকে বলেন, ডিএনসিসির কয়েকটি এলাকার গাছ কাটার অনুমতি চেয়ে একটি আবেদন এ সপ্তাহে জমা হয়েছে। তবে এখনো অনুমতি দেওয়া হয়নি।

গুলশান ১ নম্বর থেকে সড়ক বিভাজকের উন্নয়নকাজ শুরু হয়েছে। এতে কাটা পড়ছে অনেক গাছের ডাল ও শেকড় l প্রথম আলো
গুলশান ১ নম্বর থেকে সড়ক বিভাজকের উন্নয়নকাজ শুরু হয়েছে। এতে কাটা পড়ছে অনেক গাছের ডাল ও শেকড় l প্রথম আলো

সড়ক বিভাজক তৈরির কাজ শুরু হয়েছে গোলচত্বর থেকে ৪০ ফুট দক্ষিণে গিয়ে। কারণ হিসেবে কামরুল হাসান বলেন, মোড় থেকে ওই অংশে জাইকার অর্থায়নে ডিজিটাল সিগন্যাল বাতি তৈরির কাজ হবে। সে কারণে ওই অংশের কাজ পরে করা হবে। পুরো কাজ শেষ হতে আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত লেগে যাবে।

এ প্রকল্পের পরিচালক ও ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরিফ উদ্দিন বলেন, ‘এবার সিদ্ধান্তে আছে গাছের কোনো ক্ষতি করা যাবে না। একটা গাছও মরবে না, এ বিষয়ে গ্যারান্টি দিতে পারি। তবে যেসব গাছের শিকড় কেটে যাচ্ছে সেগুলোতে মাটি দিয়ে দেওয়া হবে। সড়ক বিভাজকের প্রস্থ বাড়াতে ফুটপাত ২ ফুট কমিয়ে ফেলেছি।’

এ প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান জিকেবি নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু কাজ করছে উপঠিকাদারি প্রতিষ্ঠান জামান এন্টারপ্রাইজ। তবে মূল ঠিকাদারের ব্যাপারে কেউ কোনো তথ্য দিতে রাজি হননি।