ঝুঁকিপূর্ণ ভবন কত কেউ জানে না

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনের সঠিক পরিসংখ্যান নেই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সরকারের সহযোগী দুই সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সিটি করপোরেশনের তথ্যে বিস্তর অমিল। ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ।
বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে সরকারের সহযোগী সংস্থাগুলোর উদ্যোগে সমন্বিত কারিগরি জরিপ করা দরকার। না হলে ভূমিকম্পের ঝুঁকি এবং এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে না।
গত সোমবারের ভূমিকম্পটি ভূতাত্ত্বিক বিবেচনায় মাঝারি হলেও ঢাকায় স্মরণকালের মধ্যে এটিই ছিল বড় ঝাঁকুনি। মূলত এ ঘটনার পরেই ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
ওই দিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জানান, ঢাকায় ৭২ হাজার ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০০৪ সালে পুরান ঢাকায় ভবন ধসে ১৭ জনের মৃত্যুর পর অবিভক্ত সিটি করপোরেশনের করা জরিপে রাজধানীতে ঝুঁকিপূর্ণ হিসেবে পাঁচ শর মতো ভবন চিহ্নিত করা হয়।
অন্যদিকে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক গোলাম মোস্তফা বলেন, বছর তিনেক আগে পরিচালিত এক জরিপে ৩২১টি ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়। সিরাজুল ইসলাম ও গোলাম মোস্তফা দুজনই বলেছেন, দুটো জরিপই ছিল চোখে দেখার ভিত্তিতে, কারিগরি বিষয়ের ওপর ভিত্তি করে নয়।
এদিকে ২০১১ সাল থেকে জাইকার সহযোগিতায় গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর পরিচালিত চার বছর মেয়াদি এক জরিপে দেখা যায়, গণপূর্ত বিভাগের মাধ্যমে নির্মিত ঢাকার ২ হাজার ১৯৩টি সরকারি ভবনের ৫৯ শতাংশই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার অধিকতর ঝুঁকিতে রয়েছে। ভবনগুলোর বয়স ২০ বছরের বেশি ও ইটের গাঁথুনিতে তৈরি।
এ বিষয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজ পর্যন্ত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে একটিও পূর্ণাঙ্গ জরিপ হয়নি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়েরও না। ৭২ হাজার ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে ৭২টিও তারা বের করে দিতে পারবে না।’
ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদি হাসান আনসারীও দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, ‘২০০৯ সালের মন্ত্রণালয়ের জরিপের কারিগরি কমিটিতে আমিও ছিলাম। তখন মাত্র ১০টা ভবনের কারিগরি দিকসহ সবকিছু খুঁটিয়ে দেখা হয়েছিল। বাকি চার-পাঁচ শ ভবন দেখা হয়েছিল সাধারণ পর্যবেক্ষণের ভিত্তিতে।’ তিনি বলেন, তখন ঢাকায় ভবনের সংখ্যা ছিল ৩ লাখ ২৬ হাজার। একটা গড় হিসাব করে বলা হয়, ঢাকায় ৭২ হাজার ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। কিন্তু কোন ৭২ হাজার ভবন ঝুঁকিপূর্ণ, এগুলো কোথায় অবস্থিত, তা মন্ত্রণালয় বলতে পারবে না।
রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম বলেন, ঢাকায় রাজউকের আওতাভুক্ত এলাকায় বর্তমানে ভবনের সংখ্যা ১০ লাখের বেশি। ঢাকার খসড়া পরিকল্পনা প্রণয়নের আগে রাজউকের পক্ষ থেকে প্রতিটি ভবনের অবস্থা সম্পর্কে একটি করে প্রতিবেদন তৈরির কথা ছিল। তা করা হয়নি। করা হলে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা হয়ে থাকত।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আকতার মাহমুদ বলেন, ফায়ার সার্ভিসের একটা জরিপে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বলা হয়েছে পাঁচ হাজারের কাছাকাছি। কিন্তু একটা ভবনকে কেন ঝুঁকিপূর্ণ বলা হবে, এর সূচকগুলো কী হবে, তা কোনো জরিপেই স্পষ্ট করা হয়নি।
বিশেষজ্ঞরা বলেছেন, একটা একটা করে ভবন পরীক্ষা করা ছাড়া ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার উপায় নেই। এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর, রাজউক, দুই সিটি করপোরেশন এবং ফায়ার সার্ভিসকে সম্মিলিতভাবে একটি জরিপ করতে হবে। এ জন্য ভবনের নকশা, মাটির অবস্থা, কলাম, বিম, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন সূচক নির্ধারণ করে নিতে হবে।