ঝুঁকিপূর্ণ ভবনে নতুন করে পিলার ও বিম বসানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ভিত শক্ত করতে নতুন করে পিলার ও বিম বসানো হবে। দমকল বাহিনী এ ধরনের পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে, যা শিগগিরই কার্যকর করা হবে।গতকাল শনিবার মিরপুর ১০ নম্বর সেকশনের ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে মিট দ্য প্রেস অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাঈম মো. শাহীদউল্লাহ এ কথা বলেন।আবু নাঈম মো. শাহীদউল্লাহ বলেন, রাজধানীতে বহুতল ভবন নির্মাণে ফায়ার সার্ভিসের প্রাথমিক ছাড়পত্র নেওয়া হলেও ওই ভবনগুলোতে বসবাস শুরুর পর ফায়ার সার্ভিসের চূড়ান্ত অনুমোদন নিচ্ছেন না মালিকেরা। ফায়ার সার্ভিসের ভ্রাম্যমাণ আদালত এ পর্যন্ত চূড়ান্ত অনুমোদন না নেওয়া এমন ৩৭টি ভবনকে জরিমানা করেছেন। প্রতি সপ্তাহেই ফায়ার সার্ভিসের ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন এসব ভবন চিহ্নিত করতে অভিযান চালাচ্ছেন। মহাপরিচালক জানান, অগ্নিনির্বাপণ কাজে ব্যবহার করতে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য এক হাজার ৫০০ নিরাপত্তামূলক পোশাক (স্যুট) কেনা হয়েছে, যা কর্মীদের সরবরাহ করা হবে। এতে উদ্ধার তৎপরতা আরও সহজতর হবে। ৮ নভেম্বর দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১০ উদ্যাপন করা হবে। এ ছাড়া ভূমিকম্প মোকাবিলায় ৬২ হাজার স্বেচ্ছাসেবক কর্মী তৈরি হচ্ছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর এ মাসেই তারা কাজ শুরু করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (পরিচালন) মেজর শেখ মো. শাহজালাল, পরিচালক (প্রশাসন) আবদুস সালাম ও ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এ বি এম নুরুল হক।