ঝুলন্ত তার, নাকি গলার ফাঁস!
কারওয়ান বাজারের মসজিদের গলিতে রিকশা ঢুকছে। এমন সময় আরোহীর চিৎকার, ‘ওই, দাঁড়া দাঁড়া। গলা আটকে গেছে তারে। আমারে ছাড়া।’ লোকজনের ভিড় জমে গেল। দ্রুত রিকশায় উঠে পড়লেন দুজন। তারের ফাঁস থেকে মুক্ত করলেন রিকশার আরোহীকে।তালতলা বাজারে কেনাকাটা সেরে রিকশায় চাপলেন মালিবাগের গৃহিণী রাশিদা আক্তার। হাতের ব্যাগগুলো গুছিয়ে নিজের ওড়না ঠিক করছেন রাশিদা। কিছুক্ষণ পর খেয়াল করলেন ওড়না উধাও! পেছনে তাকিয়ে দেখেন, বাজারের মুখে ঝুলে থাকা তারে ওড়না উড়ছে। ক্ষুব্ধ রাশিদা একটানে ওড়না নামাতে গিয়ে ঝুলে থাকা তারটি আরও খানিকটা নামিয়ে দিলেন।দৃশ্যত রাস্তার ঝুলন্ত তার এখন আর বৈদ্যুতিক খুঁটির ওপর নেই। তারগুলো এমনভাবে নিচে নেমে এসেছে যে না চাইলেও গলায় ফাঁস লাগছে। রাজধানীর প্রধান সড়ক থেকে ঝুলন্ত তার সরিয়ে ফেলার সরকারি নির্দেশনা বাস্তবায়ন করার পর প্রায় প্রতিটি অলিগলির মুখে এখন তৈরি হয়েছে তারের ফাঁস। ঝুলন্ত তারে গাড়ির লুকিং গ্লাস, সিএনজির ছাদ কিংবা রিকশার আরোহীর গলা আটকে যাওয়া এখন হয়ে দাঁড়িয়েছে নিত্যনৈমিত্তিক ঘটনা।গতকাল বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরতে গিয়ে এ দৃশ্যগুলো চোখে পড়েছে। কারওয়ান বাজারের মসজিদের গলি, দক্ষিণ বাড্ডার প্রায় প্রতিটি গলির মুখে, রামপুরায় বনশ্রী প্রকল্পের প্রজেক্টের মাথায়, খিলগাঁও তালতলা মার্কেটের গলি, উত্তরা আশকোনা বাজারের মুখে, জসীমউদ্দীন রোডের পূর্ব দিকের অলিগলিগুলো, নীলক্ষেত থেকে পলাশীর যাওয়ার মুখে, ধানমন্ডি দুই নম্বর সড়ক থেকে সায়েন্স ল্যাবরেটরির দিকে বের হওয়ার মুখে এবং পরীবাগ থেকে শাহবাগ আসার পথে দেখা গেছে ঝুলে থাকা তারে মানুষের ভোগান্তির সঙ্গে সঙ্গে যানজটও বাড়ছে অপ্রত্যাশিতভাবে।নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রাজধানীর সব এলাকার ঝুলন্ত তার ভূগর্ভস্থ বিতরণ লাইনে নামাতে সরকারের বেঁধে দেওয়া বাড়তি সময়ও যথেষ্ট নয়। কারণ, কোনো রাস্তাই সোজা-সরলভাবে যায়নি। প্রতিটি প্রধান সড়কের রয়েছে একাধিক শাখা রাস্তা। সেখানে মাথার ওপরের ঝুলন্ত তারগুলোর মালিকদের বেশির ভাগই নিবন্ধিত নয়। অনিবন্ধিত এসব তার কেটে ফেলা যায়, কিন্তু এর ফলে গ্রাহকের ভোগান্তি বাড়বে। ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান বলেন, নিবন্ধিত সব প্রতিষ্ঠান আগেই তাদের তার মাটির নিচে নিয়ে গেছে। এখন সরকারের চাপে অনিবন্ধিত প্রতিষ্ঠানের তার নামানো হচ্ছে। কিন্তু ডিপিডিসি, ডেসকো কিংবা সিটি করপোরেশনের সরাসরি তত্ত্বাবধান না থাকায় যেমন-তেমনভাবে তার নামাচ্ছে। সম্প্রতি বাংলামোটরে ঝুলন্ত তার ও ট্রাকের সঙ্গে ঘটা দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, দ্রুত এ বিষয়ে তদারক না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক নয়।