ঝুলন্ত তার অপসারণ আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা-শাহবাগ রুটের ঝুলন্ত তারগুলো আজ রোববার কেটে ফেলা হবে। মাস খানেক ধরে সংশ্লিষ্ট ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীদের তার নামানোর নির্দেশ দেওয়া হলেও অনেক প্রতিষ্ঠানই তা মানেনি। আজ এসব প্রতিষ্ঠানের ঝুলন্ত তার কাটলে সংশ্লিষ্ট এলাকার ৩০ ভাগ ইন্টারনেট বা ডিশ সংযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা করছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। রাজধানীর কারওয়ান বাজারে বেলা ১১টায় জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই অপসারণ কার্যক্রম শুরু হবে। ৫ ডিসেম্বর আন্তমন্ত্রণালয় বৈঠকে ভূগর্ভস্থ বিতরণ অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত হয়।গতকাল শনিবার আইএসপিএবি আয়োজিত সংবাদ সম্মেলনে তার অপসারণের সময় বিশেষ সতর্কতা অবলম্বনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর (ডিপিডিসি, ডেসকো প্রভৃতি) প্রতি অনুরোধ জানানো হয়। নেতারা বলেন, ভুলক্রমে একটি (লিংক) প্রধান তার কাটা পড়লে প্রায় ৫০ শতাংশ গ্রাহক মুহূর্তের মধ্যে ইন্টারনেট বা ডিশ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, যা মেরামত করতে কমপক্ষে ৪৮ থেকে ৭২ ঘণ্টা লাগবে। তিন বছর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রাজধানীর প্রধান সড়ক থেকে সব ধরনের ঝুলন্ত তার অপসারণের জন্য একটি নীতিমালা প্রণয়ন করে।ওই সময় ফাইবার এট হোম এবং ২০০৯ সালে সামিট কমিউনিকেশন্স লিমিটেড এ সংক্রান্ত লাইসেন্স নেয়। তারাই রাজধানীজুড়ে ভূগর্ভস্থ অবকাঠামো তৈরি করে সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে উপযুক্ত কারিগরি সমাধান দিচ্ছে মাসিক ভাড়ার বিনিময়ে। জানা গেছে, সরকার নির্ধারিত দ্বিতীয় ও তৃতীয় পর্বের ভূগর্ভস্থ অবকাঠামো নির্মাণের কাজ চলছে বেশ দ্রুতগতিতে। শাহবাগ-মৎস্য ভবন-পল্টন মোড়-দৈনিক বাংলা-শাপলা চত্বর, উত্তরা-গুলশান-মগবাজার-মতিঝিল, কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান ২-মার্কিন দূতাবাস, গুলশান ২-গুলশান ১, মিরপুর ১৪-মিরপুর ১০-টেকনিক্যাল মোড়-শ্যামলী, মিরপুর-ধানমন্ডি, বাংলামোটর-মগবাজার-মৌচাক, মতিঝিলের শাপলা চত্বর-মালিবাগ-রামপুরা-বাড্ডা-গুলশান বাড্ডা লিংক রোড-মহাখালীর জলখাবার রুটের অবকাঠামো নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। তবে মতিঝিল ও গুলশানের বাণিজ্যিক এলাকায় অনেক সংযোগ রাস্তা রয়েছে। এখানে আড়াআড়িভাবে ঝুলন্ত তার নামাতে তৈরি করা হয়েছে অতিরিক্ত ভূগর্ভস্থ বিতরণ লাইন।এদিকে সরেজমিনে কারওয়ান বাজার, গ্রিন রোড, পরিবাগ, শাহবাগের আজিজ মার্কেটের পেছনে অর্ধশতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুতের খুঁটি থেকে তারা এখনো সংযোগ তার নামায়নি। সরকারের সর্বশেষ নির্দেশ অনুযায়ী, উত্তরা-মতিঝিল-গুলশান (মতিঝিল হয়ে) এবং শাহবাগ-মতিঝিল রুটের ঝুলন্ত তারসহ সব প্রধান সড়ক থেকে তার নামিয়ে ফেলার শেষ সময় ৩১ ডিসেম্বর। আইএসপিএবির সংবাদ সম্মেলন: শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইএসপিএবির নেতারা বলেন, ভূগর্ভস্থ বিতরণ অবকাঠামো ব্যবহার করে গ্রাহকদের কাছে সংযোগ পৌঁছে দেওয়ার কারণে তাঁদের খরচ ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। এই অতিরিক্ত ব্যয়ের প্রভাব পড়বে গ্রাহকের ওপর। তাই খরচ কমাতে সরকারের কাছে ভ্যাট (১৫ শতাংশ) মওকুফ সুবিধা চেয়েছে সংগঠনটি। একই সঙ্গে যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক মওকুফের জন্য আবেদন জানিয়েছেন তাঁরা।তাঁরা জানান, সংগঠনের প্রতিটি সদস্য প্রতিষ্ঠান তাদের তার নামিয়ে ফেলেছে। আর সংগঠনের বাইরের প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তাঁরা কোনো দায়িত্ব নেবেন না। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সরবরাহ অটুট রেখে পুরো রাজধানীর তার নামাতে আরও ছয় মাস সময় চেয়েছেন তাঁরা। সম্মেলনে আইএসপিএবির সভাপতি আখতারুজ্জামান মঞ্জু, সাধারণ সম্পাদক এম এ হাকিম, সদস্য সুমন আহমেদসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।