ঝুলন্ত তার অপসারণ এবার প্রযুক্তিগত সমস্যায় জর্জরিত
রাজধানীজুড়ে ঝুলন্ত তার অপসারণ এবার প্রযুক্তিগত সমস্যায় জর্জরিত। এর ফলে কেব্ল অবকাঠামো তৈরি করলেই সমাধান হচ্ছে না। জানা গেছে, গ্রাহক প্রান্তে ইন্টারনেট বা ডিশ সংযোগ পৌঁছে দিতে যে প্রযুক্তিগত সমাধান প্রয়োজন, তা সরকার-নির্ধারিত সময় ৩০ নভেম্বরের মধ্যে শেষ করা সম্ভব হচ্ছে না। ভূগর্ভস্থ বিতরণ অবকাঠামো তৈরির পরও প্রযুক্তিগত সমস্যা সমাধানে বাড়তি আরও কয়েক মাস লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। যদিও এ নিয়ে তিনবার সময় বাড়িয়েছে সরকার। সরেজমিনে দেখা গেছে, ভূগর্ভস্থ বিতরণ অবকাঠামো তৈরি করছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশন্স লিমিটেড ও ফাইবার এট হোম। উন্মুক্ত খনন পদ্ধতিতে ফাইবার এট হোম তাদের অবকাঠামো তৈরি করেছে। আর উন্নত প্রযুক্তির হরাইজেন্টাল ডাইরেকশনাল ড্রিলিং পদ্ধতি ব্যবহার করে ৪৫ কিলোমিটার রাস্তার নিচে খনন করেছে সামিট। এসব অবকাঠামো প্রায় শেষের দিকে হলেও ইন্টারনেট বা ডিশ লাইনের জন্য উপযুক্ত প্রযুক্তিগত সুবিধা এখনো তৈরি করা যায়নি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আখতারুজ্জামান মঞ্জু প্রথম আলোকে বলেন, এনটিটিএন ব্যবসায়ীদের সেবামূল্য অসহযোগিতা ও প্রযুক্তিগত সমস্যার কারণেই অধিকাংশ ঝুলন্ত তারের মালিকেরা এখনো কোনো চুক্তি করেনি। বর্তমানে প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতামূলক দাম প্রস্তাব করায় অল্প কিছু ব্যবসায়ী তাদের সঙ্গে চুক্তি করছে। কিন্তু কোনোটিই প্রযুক্তিগত সমাধান এখনো পুরোপুরি দিতে পারেনি। জানা গেছে, শাহবাগ-উত্তরা রুটে রাস্তার নিচে ভূগর্ভস্থ অবকাঠামো তৈরির কাজ শেষ করেছে সামিট। কিন্তু আইএসপিদের উপযুক্ত প্রযুক্তিগত সমাধানের কাজ এখনো শেষ হয়নি। ইতিমধ্যে তারা উত্তরা, বনানী, কামাল আতাতুর্ক এভিনিউ, কারওয়ান বাজার এবং সেগুনবাগিচায় একটি করে ‘পপ-আপ’ যন্ত্র স্থাপন করেছে। কিন্তু শাহবাগ থেকে উত্তরা রুটে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করতে হলে আরও পাঁচটি যন্ত্র বসাতে হবে বলে জানিয়েছে সামিট কর্তৃপক্ষ। যেমন নিকুঞ্জ, ফার্মগেট, তেজকুনিপাড়া, তেজতুরী বাজার, মহাখালী ও কারওয়ান বাজারের পূর্ণিমা সিনেমা হলের সামনের দিকে একটি করে যন্ত্র বসাতে হবে। অন্যথায় রাস্তার এক পাশে ইন্টারনেট সংযোগ চালু থাকবে, অন্য পাশে থাকবে না। উল্লেখ্য, বিভিন্ন ইন্টারনেট ব্যবসায়ী নানা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের কাছে ইন্টারনেট পৌঁছে দেন। এসব প্রযুক্তির সমন্বয় করতে এই ‘পপ-আপ’ ব্যবহার করা হয়। সামিটের মহাব্যবস্থাপক মো. শাহ মিরাজ বলেন, ‘একটি পপ-আপ বসাতে উপযুক্ত জায়গা লাগে। স্থাপনের প্রতিটি স্তরেই রয়েছে জটিলতা। বিষয়টি বেশ সময়সাপেক্ষ।’ তিনি আশা করছেন, সরকার কিছুটা সময় বাড়ালে সব কাজ সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব। অন্যদিকে ফাইবার এট হোমের অবকাঠামো তৈরির কাজ অনেক আগেই শেষ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের স্থাপিত নেটওয়ার্ক ব্যবহারের জন্য আইএসপি, কেব্ল অপারেটরসহ বিভিন্ন অপারেটর মিলে মোট ৫২টি প্রতিষ্ঠান চুক্তি করেছে। ইতিমধ্যে কেউ কেউ কাজও শুরু করেছে। এ ছাড়া রাজধানীতে স্থাপিত চারটি কেন্দ্রীয় কার্যালয়, দুই শতাধিক লোকাল ডিস্ট্রিবিউশন পয়েন্ট (এলজিডি) এবং গুলশানে ন্যাশনাল মনিটরিং সেন্টার স্থাপনের মাধ্যমে ঢাকার যেকোনো স্থানে ইন্টারনেট ব্যবসায়ীদের সংযুক্ত করতে পারবে বলে দাবি করেছে তারা। কিন্তু ফাইবার এট হোম এখনো সম্পূর্ণ প্রযুক্তিগত সমাধান দিতে পারেনি বলে অভিযোগ করেছেন অনেকে। ব্যবসায়ীদের অভিযোগ, ফাইবার এট হোমের অবকাঠামো তৈরি হলেও সব ধরনের গ্রাহক সংযুক্তির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সমাধান এখনো দিতে পারেনি। এ প্রসঙ্গে ঢাকা কমের নির্বাহী পরিচালক এম এ হাকিম বলেন, ‘সাধারণ গ্রাহকদের সংযোগ দিতে পেরেছি। কিন্তু ব্যাংক বা বহুজাতিক কোম্পানিগুলোর সলিউশনের সঙ্গে ফাইবার এট হোমের সলিউশন বা প্রযুক্তিগত সমাধান এখনো সম্ভব হয়নি।’ বিদ্যুৎ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় প্রায় একই অভিযোগ করেছেন কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি আনোয়ার পারভেজ। প্রযুক্তিগত সমাধানের ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেছেন, ‘ভূগর্ভস্থ লাইনে প্রবেশের আগে শেষ প্রান্তের গ্রাহকের সংযোগের সুবিধাটাও বিবেচনার মধ্যে রাখতে হবে।’ আইএসপিএবি অ্যাসোসিয়েশনের প্রতিবাদ: গত সোমবার রাতে কুড়িল বিশ্বরোডের প্রায় ১ কিলোমিটার এলাকার ঝুলন্ত তার ফেলে দিয়েছে ডেসকো। তারের মালিকদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে এসব তার ফেলে দেওয়ায় গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে আইএসপিএবি। তারা বলেছে, এ ঘটনায় অসংখ্য আইএসপিএবির মেইন ফাইবার লিংক ফুটপাতে পড়ে রয়েছে। যেগুলো সরাসরি উত্তরা, এয়ারপোর্ট, সাভার, ইপিজেড, টঙ্গী, আশুলিয়া, গাজীপুর এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।