ঝুলন্ত তারের জট শিগগিরই খুলছে না, ভোগান্তি মানুষের
কয়েক দফায় সময় বাড়িয়ে রাজধানীর প্রধান সড়কগুলোর তার অপসারণের সময় নির্দিষ্ট করা হয় গত বছরের ৩১ ডিসেম্বর। নির্ধারিত ওই সময়ের পাঁচ মাস পেরিয়ে গেলেও ঝুলন্ত তারের জট খোলেনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজধানীর সব কটি প্রধান সড়কের ঝুলন্ত তার অপসারণে আরও বছর দেড়েক সময় লাগবে। রাস্তার পাশে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুলন্ত তার ভূ-গর্ভস্থ বিতরণ লাইন-ব্যবস্থার আওতায় স্থাপনের বিষয়ে গত বছরের মার্চে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার নামানোর কার্যক্রমের শুরুতে সরকারের চাপে তাড়াহুড়ায় এলোমেলোভাবে উত্তরা থেকে শাহবাগ এলাকার তার মাটির নিচে নামানো সম্ভব হয়েছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে শাহবাগ-মতিঝিল রুটের তার নামাতে গিয়ে। এ এলাকার সব সংযোগ মাটির নিচে নিতে কমপক্ষে এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ীরা। দেরির কারণ জানতে চাইলে ডিশ-ইন্টারনেট ব্যবসায়ীরা দোষ দিচ্ছেন এনটিটিএন (ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) ব্যবসায়ীদের।এদিকে, তাড়াহুড়ার কারণে রাজধানীজুড়ে মাথার ওপর এলোমেলোভাবে ঝুলছে তার। বিভিন্ন স্থানে ওইসব ঝুলন্ত তারের কুণ্ডলী খুলে রাস্তায় লুটাচ্ছে। বিশ্রী দেখতে ওইসব ঝুলে থাকা তার বড় বড় গাড়ির ছাদে আটকে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকেরা। জানা গেছে, সরকারি তার অপসারণ কমিটির কোনো এলাকায় তার কেটে দিলে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত ইন্টারনেট বা ডিশ-সংযোগ বিচ্ছিন্ন থাকছে। গ্রাহকদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে নয় সদস্যের তার কাটা বিষয়ে একটি ‘কারিগরি কমিটি’ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুড়িল বিশ্বরোড থেকে গুলশান হয়ে মহাখালীর জলখাবার পর্যন্ত, মহাখালী থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে শাহবাগ পর্যন্ত, উত্তরা থেকে শাহবাগ, উত্তরা থেকে মগবাজার রেলক্রসিং, শাহবাগ থেকে দৈনিক বাংলা মোড়, শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড হয়ে রাপা প্লাজা পর্যন্ত ঝুলন্ত সংযোগ মাটির নিচে ভূগর্ভস্থ বিতরণ লাইনে চলে গেছে। কিন্তু মাথার ওপর বিশ্রী ও এলোমেলোভাবে তার ঝুলছে। সিটি করপোরেশনের এসব তার পরিষ্কারের দায়িত্ব থাকলেও সরকারের তার অপসারণ কমিটির ভয়ে পরিচ্ছন্নতাকর্মীরা এসব তার সরান না বলে জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক ডিসিসির এক কর্মকর্তা। ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আখতারুজ্জামান মঞ্জু প্রথম আলোকে বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত কাজের গতি দেখে মনে হচ্ছে, ঢাকার ৪০০ কিলোমিটার প্রধান সড়কে ভূগর্ভস্থ বিতরণ লাইন তৈরি এবং ইন্টারনেট-ডিশ ব্যবসায়ীদের উপযুক্ত কারিগরি সমাধান দিতে দুটি এনটিটিএন কোম্পানির আরও বছর দেড়েক সময় লাগবে।’ আখতারুজ্জামান মঞ্জু আরও বলেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অপরিকল্পিতভাবে ইন্টারনেট ব্যবসার লাইসেন্স, বিশেষ করে সাইবার ক্যাফে লাইসেন্স ও মহল্লায় ইন্টারনেট লাইসেন্স দেওয়ায় এ সমস্যা হচ্ছে। রামপুরার অনেক সাইবার ক্যাফে নিজস্ব ব্যবসার ইন্টারনেট লাইন থেকে মহল্লা-মহল্লায় ইন্টারনেট সংযোগ দিতে দিতে গুলশান পর্যন্ত চলে গেছে। ফলে তার অপসারণ কমিটি কাজ শুরু করলেই ওইসব গ্রাহকের ভোগান্তি হয়।জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাস্তব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে কিছুটা দেরি হচ্ছে। এর কারণ এনটিটিএন লাইসেন্স পাওয়া দুই প্রতিষ্ঠান ফাইবার এট হোম ও সামিট কমিউনিকেশনস লিমিটেডের কাজ এখনো শেষ হয়নি। বিশেষ করে প্রযুক্তিগত সমাধানে দুই প্রতিষ্ঠানই পিছিয়ে রয়েছে। এতে তাদের জন্য বাড়তি সময় বরাদ্দ করতেই হচ্ছে।মন্ত্রণালয়ের অভিযোগ উড়িয়ে দিয়ে ফাইবার এট হোমের ব্যবস্থাপনা পরিচালক মইনুল হক সিদ্দিকী জানান, ৮০টি ডিশ-ইন্টারনেট ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ঢাকা, চট্টগ্রাম, যশোর ও সিলেট অঞ্চলে তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে কার্যক্রম চালাচ্ছে। সামিট কমিউনিকেশনস লিমিটেডের প্রধান কারিগরি কর্মকর্তা শাহ মিরাজ বলেন, সামিটের পুরো অবকাঠামো তৈরি করা হয়েছে চুক্তিবদ্ধ আইএসপিসহ সব কটি প্রতিষ্ঠানের মতামত নিয়ে। এর পরও কারও কোনো সমস্যা থাকলে সেটা আলোচনা করে সমাধান করা হবে।