টাওয়ার ক্রেনের লিফট নিচে পড়ে নিহত এক, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধলপুরে পানি শোধনাগার নির্মাণকাজে ব্যবহূত টাওয়ার ক্রেনের লিফট নিচে পড়ে যাওয়ায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন (৪৫) পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের কারিগরি বিভাগের ফোরম্যান ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।এদিকে মগবাজার মোড়ে বিলবোর্ডে ব্যানার লাগানোর সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিচে পড়ে এক ব্যক্তি মারা গেছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের টাওয়ার ক্রেনের লিফটে ওপরে উঠছিলেন আনোয়ার ও তাঁর চার সহকারী। লিফটে মোটরসহ বিভিন্ন সরঞ্জামও ছিল। লিফটটি প্রায় ৪০ ফুট ওঠার পর হঠাত্ দ্রুত বেগে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনোয়ার মারা যান। আহত হন লিফটে থাকা জাহিদ হাসান (৩২), মো. শাওন (২০), জামাল মিয়া (৩০) ও আলাউদ্দিন (২৮)। ঢাকা ওয়াসার তত্ত্বাবধানে সেখানে পানি শোধনাগার দ্বিতীয় পর্বের (ফেজ-২) নির্মাণকাজ করছে ডেনমার্কের একটি প্রতিষ্ঠান। এ দুর্ঘটনার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছু জানাতে পারেননি।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণ জানতে ওই প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। আনোয়ারের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।সূত্র জানায়, আনোয়ারের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোকন্দপুর গ্রামে। তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে।বিলবোর্ড থেকে পড়ে মৃত্যু: মগবাজার মোড়ে দুপুর ১২টার দিকে বিলবোর্ডে ব্যানার টাঙানোর সময় কামরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিচে পড়ে মারা গেছেন। রমনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান বলেন, কামরুল বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিচে পড়ে মারা যান। তিনি কলাবাগানে থাকতেন এবং বিলবোর্ডে ব্যানার টাঙানোসহ বিভিন্ন কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি পাবনার সুজানগরে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।