টাকা উদ্ধারের পরও আসামিকে অব্যাহতির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ১৯ লাখ টাকা উদ্ধারের পর মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে শাহবাগ থানার পুলিশ। আদালত প্রচলিত আইন অনুযায়ী বাদীকে নোটিশ না দিয়েই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন। এ ছাড়া আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি প্রকাশ হওয়ার পর আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার বাদী ও শাহবাগের ওষুধ ব্যবসায়ী সামসুল হক প্রথম আলোকে বলেন, ২৫ লাখ টাকা আত্মসাৎ করায় ব্র্যাক ব্যাংক থেকে চাকরিচ্যুত আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। শাহবাগ থানার পুলিশ তদন্তকালে ১৯ লাখ টাকা উদ্ধার করে। বাকি টাকা ফেরত দেওয়ার আগেই আসামিকে অব্যাহতি দেওয়া হয়। জানা যায়, বাদী সামছুল হক ব্র্যাক ব্যাংকে তাঁর হিসাবে ২৫ লাখ টাকা জমা করতে আসামি আশিকুরকে একটি অ্যাকাউন্ট পে ব্যাংক চেক দেন। ওই ব্যাংক থেকে চাকরিচ্যুত হলেও আশিকুর তা গোপন রাখেন। এরপর আশিকুর চেকটি সিটি ব্যাংক মতিঝিল শাখায় নিজেকে সামছুল হক পরিচয় দিয়ে নিজের ছবি ব্যবহার করে একটি হিসাব খোলেন। পরে ওই হিসাবে চেকটি জমা করে কৌশলে টাকা তুলে তা দুই বোনের নামে একটি কো-অপারেটিভ সোসাইটিতে জমা রাখেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি এসব কথা স্বীকার করেন এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুই বোনের হিসাব থেকে ১৯ লাখ টাকা উদ্ধার করা হয়। আশিকুর বাকি চার লাখ টাকা রাজধানীর একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়ার কথা জানিয়েছেন। ওই পুলিশ কর্মকর্তা মামলার বাদীকে তিন লাখ টাকা দিলেও বাকি এক লাখ টাকা দেননি। জানা যায়, বাদী সব টাকা না পেলেও পুলিশ ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন, বাদীকে মামলার ফলাফল জানানো হয়েছে। তবে বাদী বলেছেন, আত্মসাৎ করা টাকা আংশিক উদ্ধার হয়েছে, তাই পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিতে পারে না। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক টেলিফোনে বাদীর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাদী ও বিবাদীর আপস-মীমাংসার ভিত্তিতে মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। আপস-মীমাংসার কাগজপত্র আমার কাছে আছে।’ পরে তিনি বলেন, বাদীর ইচ্ছায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।আদালতের নথি পর্যালোচনা করে দেখা যায়, গত ১৮ অক্টোবর পুলিশ প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। ওই দিন পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত ৬ ডিসেম্বর প্রতিবেদনের জন্য তারিখ ধার্য করেন। পুলিশ প্রতিবেদন দাখিল করার পর বাদীকে নোটিশ না দিয়েই আদালত সরাসরি প্রতিবেদন গ্রহণ করে আসামিকে অব্যাহতি দেন। সাবেক মহানগর কৌঁসুলি এহসানুল হক সমাজী প্রথম আলোকে বলেন, ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারায় যে প্রতিবেদন দেওয়া হয়, তার ভিত্তিতে আদালত প্রতিবেদন গ্রহণ করতে পারেন না। আদালতকে পুলিশের দেওয়া প্রতিবেদনের বিষয়ে বাদীর আপত্তি আছে কি না, এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য নোটিশ দেওয়ার প্রথা রয়েছে। তবে আদালত ১৭২ ধারার আলোকে মামলার কেস ডকেট ও পুলিশ প্রতিবেদন পর্যালোচনা করে পুলিশ প্রতিবেদন গ্রহণ করতেও পারেন আবার নাও করতে পারেন। কিন্তু প্রথাগতভাবে বাদীকে নোটিশ দেওয়া উচিত। তা না হলে বাদী এবং আসামিপক্ষের ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।শাহবাগ থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ বলেন, পুলিশ প্রতিবেদন দেওয়ার পর নথিতে যুক্ত করে আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে অব্যাহতি দিয়েছেন। এই আদেশের বিরুদ্ধে বাদীর উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।