টাকা জমা দিয়েও হজে যাওয়া অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

টাকা জমা দিয়েও হজে যেতে না পেরে রাজধানীর মালিবাগে বাংলাদেশ সোশ্যাল বিজনেস (বিএসবি) নামের একটি ট্রাভেল এজেন্সির কার্যালয়ে অবস্থান নিয়েছেন অন্তত ২০ ব্যক্তি। বারবার তারিখ দিয়েও ৫০ থেকে ৬০ জনকে হজে পাঠাতে পারছে না প্রতিষ্ঠানটি।

ভুক্তভোগীরা বলছেন, প্রথমে ২২ জুন তাঁদের হজে পাঠানোর তারিখ দিয়েছিল ট্রাভেল এজেন্সিটি। ওই দিন আসার পর তারা জানায়, কাগজপত্র এখনো তৈরি হয়নি। পরে তারা ২৯ জুন নতুন তারিখ দেয়। কিন্তু সেদিনও অফিসে আসার পর একই কথা বলছে। টাকা জমা দিয়েও এখন হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়েছে।

নোয়াখালীর বাসিন্দা আবুল কাশেম তাঁর স্ত্রীসহ হজে যাওয়ার জন্য ১০ লাখ টাকা জমা দেন বলে জানান। তিনি প্রথম আলোকে বলেন, ‘দুবার তারিখ দিয়েও আমাদের সৌদি পাঠাতে পারেনি তারা। আজ (বৃহস্পতিবার) টাকা জমা দেওয়া অন্তত ২০ জন অফিসে এসেছি।’

আবুল কাশেম আরও বলেন, ‘এখন ট্রাভেল এজেন্সি আবার ২ জুলাই নতুন তারিখ দিয়েছে। বুঝতে পারছি না হজে যেতে পারব কি না। আমরা ২০১৭ সালে হজের জন্য নিবন্ধন করেছিলাম। কিন্তু গত দুই বছর করোনা মহামারির কারণে যেতে পারিনি।’

এ বিষয়ে জানতে চাইলে বিএসবি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘১০০ জনের মতো আমাদের মাধ্যমে হজে যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন। ৫০ জনের মতো চলে গেছেন। বাকিদের ব্যবস্থা করা হচ্ছে। যাঁদের ব্যবস্থা করতে পারব না, তাঁদের পাসপোর্টসহ টাকা ফেরত দেওয়া হবে।’