টাকা পেলেই অটোরিকশা পরীক্ষা শুরু করবে বুয়েট

সিএনজিচালিত অটোরিকশার আয়ুষ্কাল বৃদ্ধিসংক্রান্ত মতামত দিতে অটোরিকশা পরীক্ষার জন্য মালিক সমিতির কাছে ২৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা চেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গত মঙ্গলবার এ-সংক্রান্ত চিঠিটি পেয়েছে মালিক সমিতি। ফির অর্ধেক পেলেই তারা পরীক্ষার কাজে হাত দেবে।
শ্রমিকনেতাদের আশঙ্কা, মালিকদের টাকায় পরীক্ষা হলে ফলাফল মালিকদের পক্ষে যেতে পারে। এর আগে ২০১০ ও ২০১৩ সালে দুবার মালিকদের টাকায় অটোরিকশা পরীক্ষা করেছিল বুয়েট। দুবারই বুয়েটের মতামত মালিকদের পক্ষে গেছে। এবং এই পরীক্ষার ওপর ভিত্তি করে অটোরিকশার মেয়াদ বাড়ানো হয়েছিল।
ঢাকা ও চট্টগ্রামে ১৫ বছর ধরে চলা প্রায় ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ (আয়ুষ্কাল) ডিসেম্বরে শেষ হওয়ার কথা। এই অবস্থায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অটোরিকশার মেয়াদ আপাতত ছয় মাস বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে।
মালিক সমিতির দাবি অটোরিকশাগুলোর ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার পরিবর্তন করে এগুলোর মেয়াদ আরও ছয় বছর বাড়ানো। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে এ ব্যাপারে মতামত দিতে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান বরাবর চিঠি পাঠায় বিআরটিএ। ৫ ডিসেম্বর বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক চিঠিতে বিআরটিএকে জানানো হয়েছে, বুয়েটের গঠিত পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল নতুন ও পুরোনো অটোরিকশা সংগ্রহ করে বুয়েটের ল্যাবে এগুলোর বিভিন্ন অংশ বিযুক্ত করে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেছে। পুরোনো অটোরিকশার মেয়াদ ১৫ বছরের অতিরিক্ত বাড়ানো যাবে কি না, তা জানতে চারটি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলা প্রয়োজনীয়সংখ্যক পুরোনো অটোরিকশার মাঠপর্যায়ে কারিগরি সমীক্ষা; প্রয়োজনীয়সংখ্যক নতুন ও পুরোনো অটোরিকশার মূল কাঠামো (চেসিজ), প্রতিস্থাপনযোগ্য ইঞ্জিন ও অন্যান্য সংশ্লিষ্ট অংশের প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা; নতুন ও পুরোনো অটোরিকশার ক্ষেত্রে চালক-যাত্রীর নিরাপত্তার তুলনামূলক পর্যালোচনা এবং নতুন অটোরিকশার বাজারমূল্য ও পুরোনো অটোরিকশার মেয়াদ বাড়ালে তার পুনর্ভরণ খরচের তুলনামূলক পর্যালোচনা।
চিঠিতে বুয়েট জানিয়েছে, নির্ধারিত পরীক্ষার ফি জমা দেওয়ার পর এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে ছয়-আট সপ্তাহ সময় লাগবে।
এই ফির পরিমাণ কত, তা জানতে মুঠোফোনে যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। এই বিভাগের গঠিত বিশেষজ্ঞ দলের প্রধান অধ্যাপক মো. এহসান বলেন, বিআরটিএ জানিয়েছে পরীক্ষার ফি দেবে মালিক সমিতি। তাই তাঁরা ফির ব্যাপারে মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এখনো তাঁরা ফি পাননি।
তবে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ জানিয়েছেন, এই ফির পরিমাণ ২৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। এ-সংক্রান্ত একটি চিঠি তিনি গত মঙ্গলবার হাতে পেয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ফির ৫০ শতাংশ পাওয়ার পর কাজ শুরু করবে বুয়েট। বাকি ৫০ শতাংশ চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সময় দিতে হবে। আগামী সপ্তাহে ফির প্রথম কিস্তি বুয়েটকে দেওয়া হবে উল্লেখ করে বরকত উল্লাহ বলেন, এবার ফির পরিমাণটা বেশি। বরকত উল্লাহ জানান, ফি নিয়ে কথা বলতে তিনি বুয়েটে গিয়েছিলেন। বুয়েটের সংশ্লিষ্টরা তাঁকে জানিয়েছেন, ঢাকার পাশাপাশি চট্টগ্রামের অটোরিকশা পরীক্ষার জন্য বুয়েটের একটি প্রতিনিধিদল চট্টগ্রামে যাবে। এ জন্য এবার ফি বেশি নির্ধারণ করা হয়েছে।
মালিকদের টাকায় পরীক্ষা করলে ফলাফল প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে কি না, জানতে চাইলে বরকত উল্লাহ বলেন, ‘এর কোনো সুযোগ নেই। বুয়েটের প্রতি মানুষের আস্থা রয়েছে। সুনাম ধরে রাখার জন্যই কাজ করবে বুয়েট।’
একই প্রশ্নের জবাবে বিআরটিএর পরিচালক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পাবলিক পরীক্ষার ফিও তো শিক্ষার্থীরা দেয়। তাই বলে পরীক্ষার ফল কি প্রভাবিত হয়?’
তবে পুরোনো অটোরিকশা বাদ দিয়ে নতুন অটোরিকশা নামানোর দাবিতে আন্দোলনরত ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব সাখাওয়াত হোসেন বলেন, টাকা দেবেন মালিকেরা। ফলাফল তো তাদের পক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশি। আগেও তাই হয়েছে।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের সদস্যসচিব এটিএম নাজমুল হাসান জানিয়েছেন, এ পর্যন্ত দুবার বুয়েটের পরীক্ষা শেষে মতামত নিয়ে অটোরিকশার মেয়াদ বাড়ানো হয়েছে। ২০১০ সালের পরীক্ষার পর দুই বছর এবং ২০১৩ সালের পরীক্ষার পর ছয় শর্তে চার বছর মেয়াদ বাড়ানো হয়। ২০১০ সালে পরীক্ষার জন্য বুয়েটকে ৪ লাখ ৭০ হাজার ২৫০ টাকা এবং ২০১৩ সালের পরীক্ষার জন্য সাড়ে ১১ লাখ টাকা ফি হিসেবে দিতে হয়েছে। এবার ধরা হয়েছে ২৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।
ফির ব্যাপারে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বলেন, সরকার যেহেতু বুয়েটের কাছে মতামত চেয়েছে, ফিও সরকারের দেওয়া উচিত। কারণ, সরকার অটোরিকশাগুলো থেকে রাজস্ব আদায় করে। মালিকদের টাকায় পরীক্ষা করলে ফলাফল নিয়ে প্রশ্ন থেকেই যাবে।