টাকা ফিরে পাওয়ার দাবিতে কিউকমের গ্রাহকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাকা ফেরত চেয়ে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের গ্রাহকদের মানববন্ধন। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে
ছবি: জহির রায়হান

ই–কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিক্ষুব্ধ গ্রাহকেরা তাঁদের টাকা ফেরত চেয়ে মানববন্ধন করেছেন। আজ সোমবার বেলা তিনটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয়।

মানবন্ধনে কিউকমের গ্রাহকেরা বলেন, তাঁরা পণ্য কিনতে কিউকমকে টাকা দিয়েছেন। সেই টাকা ই-কমার্সের লেনদেনের মধ্যস্থতাকারী পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টার পেমেন্টস আটকে রেখেছে। তাঁরা ফস্টারের কাছে তাঁদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান।

সজল কুমার দাস নামের একজন ভুক্তভোগী গ্রাহক বলেন, গত জুলাইয়ে কিউকমকে তিনটি বাইক বাবদ ৩ লাখ ৩০ হাজার টাকা দিয়েছেন তিনি, কিন্তু পণ্য পাননি। কিউকম থেকে তাঁর টাকা ফস্টারে রিফান্ড হয়েছে। কিন্তু এসএমএস পেলেও তিনি টাকা ফেরত পাচ্ছেন না।

টাকা ফেরত চেয়ে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের গ্রাহকদের মানববন্ধন। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে
ছবি: জহির রায়হান

আবদুল্লাহ আল মামুন নামের আরেকজন অভিযোগ করে বলেন, কিউকমের গ্রাহকদের টাকা ফস্টারের কাছে আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক ফস্টারের টাকা জব্দ (ফ্রিজ) করে রেখেছে। এ কারণে তাঁরা টাকা ফেরত পাচ্ছেন না।

বাংলাদেশ ব্যাংক গত জুনে ‘এসক্রো সিস্টেম’ চালু করেছে। এই পদ্ধতিতে ক্রেতার টাকা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত পেমেন্ট গেটওয়ের কাছে জমা থাকে। কিউকমের পেমেন্ট গেটওয়ে ছিল ফস্টার পেমেন্টস।

এই পদ্ধতিতে কিউকম ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিয়ে চালানসহ ডকুমেন্ট ফস্টারে জমা দেওয়ার কথা। এদিকে পণ্য বুঝে পাওয়ার পর ক্রেতা কিউকমকে টাকা দেবেন।

ক্রেতা পণ্য বুঝে না পেলে ফস্টার কর্তৃপক্ষ কিউকমের টাকা আটকে দেবে।
গত ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে ই–কমার্স প্রতিষ্ঠান কিউকম জানায়, ফস্টার পেমেন্টস তাদের গ্রাহকদের ৪২০ কোটি টাকা আটকে রেখেছে।

তবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম কয়েক দিন আগে জানিয়েছিলেন, ফস্টার পেমেন্টসের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে।

টাকা ফেরত চেয়ে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের গ্রাহকদের মানববন্ধন। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে
ছবি: জহির রায়হান

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এরই মধ্যে ৩ অক্টোবর প্রতারণার অভিযোগে কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

মানববন্ধন থেকে কিউকমের গ্রাহকেরা টাকা ফেরতসহ সাত দফা দাবি তুলে ধরেন।