বিনিয়োগ করা টাকা ফেরত পাওয়ার দাবিতে অনলাইন প্রতিষ্ঠান ডোলেন্সারের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বাসা টানা চার দিন ধরে ঘেরাও করে রেখেছেন প্রতিষ্ঠানের গ্রাহকেরা। করেছেন বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ। কিন্তু এমডি গা ঢাকা দেওয়ায় এবং প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ না নেওয়ায় টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয়ে আছেন ডোলেন্সারের গ্রাহকেরা।গ্রাহকদের অভিযোগ, প্রায় সাড়ে তিন লাখ গ্রাহকের বিনিয়োগ করা ৮০০ কোটিরও বেশি টাকা নিয়ে সস্ত্রীক সিঙ্গাপুরে পালিয়ে গেছেন ডোলেন্সারের এমডি রোকন ইউ আহমেদ। প্রতি সপ্তাহে অর্জিত টাকা দেওয়ার কথা থাকলেও তিন মাস ধরে তা বন্ধ। ফলে টাকা ফেরতের দাবিতে গত শুক্রবার থেকে রাজধানীর মিরপুর মধ্য পীরের বাগে এমডির বাসা ঘেরাও করে আছেন তাঁরা। এতে বাসায় আটকা পড়েন রোকনের শ্বশুর-শাশুড়ি। পরে ‘অপ্রীতিকর পরিস্থিতি’ এড়াতে ওই বাসায় পুলিশ মোতায়েন করা হয়। টাকা ফেরতের দাবিতে গ্রাহকেরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।গ্রাহকেরা গতকাল সোমবার জানান, বাসা ঘেরাওয়ের পর এমডি সিঙ্গাপুর থেকে ফোনে তাঁদের জানিয়েছিলেন দেশে ফিরে টাকা ফেরত দেবেন। কিন্তু এখন মুঠোফোনেও আর তাঁকে পাওয়া যাচ্ছে না।মুহিত হাসান নামের এক গ্রাহক বলেন, ‘টানা চার দিন ধরে ঘেরাও করে থাকলেও কোনো লাভ হচ্ছে না। এ বিষয়ে আমরা বেশ কিছুদিন আগে ধানমন্ডি থানায় মামলা করেছিলাম। কিন্তু কেউই টাকা ফেরত পায়নি।’ধানমন্ডি থানার ওসি আনোয়ার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডোলেন্সারের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রাহকেরা যাতে দ্রুত টাকা ফেরত পান, সে চেষ্টা করছি।’ গ্রাহকেরা জানিয়েছেন, টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তাঁরা বাসা ঘেরাও অব্যাহত রাখবেন।