টাকা লোপাট করে পালাচ্ছিলেন পাকিস্তানি অধ্যক্ষ
গুলশানের সিটি স্কুল ইন্টারন্যাশনাল বন্ধ করে দিয়ে দেশছাড়ার চেষ্টা করেছিলেন স্কুলের পাকিস্তানি অধ্যক্ষ ইয়াসমিন রাজভয়। খবর ছড়িয়ে পড়লে শিক্ষক, অভিভাবক ও কর্মচারীরা এ খবর জানতে পেরে গতকাল বুধবার রাত ৯টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ইয়াসমিনের বাড়ি ঘেরাও করে রাখেন। পরে পুলিশ এসে ইয়াসমিন রাজভয়কে গুলশান থানায় নিয়ে যান।
তবে এ বিষয়ে গুলশান থানায় গিয়েও ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বা সেখানে থাকা ইয়াসমিন রাজভয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিটি ইন্টারন্যাশনাল স্কুল পাকিস্তান ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), মালয়েশিয়া ও ফিলিপাইনে এ স্কুলের শাখা আছে। ঢাকায় এক যুগ আগে স্কুল তার কার্যক্রম শুরু করে। ইয়াসমিন রাজভয় গত সাত/আট মাস আগে পাকিস্তান থেকে এসে অধ্যক্ষের দায়িত্ব নেন। স্কুলে এখন শিক্ষার্থী সংখ্যা তিন শ, শিক্ষক আছেন প্রায় ৬০ জন।
জানা গেছে পাকিস্তানের এই স্কুলটি শিক্ষক ও স্কুলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভবিষ্য তহবিলের টাকা না দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টায় ছিল। স্কুলের মাসিক বেতন আট হাজার টাকা। আজ স্কুল বন্ধ হওয়ার আগেই অভিভাবকেরা আল ফালাহ ব্যাংকে শিক্ষার্থীদের দুই মাসের বেতন আগাম জমা দিয়েছিলেন। অভিযোগ আছে সব মিলে দেড় কোটি টাকারও বেশি মেরে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন ইয়াসমিন।
আজ বিকেলে গুলশান থানায় সোহেলী আক্তার নামের এক অভিভাবকের সঙ্গে কথা হয়। প্রথম আলোকে তিনি বলেন, ইয়াসমিন রাজভয় আসার পর থেকেই স্কুল বন্ধ হয়ে যেতে পারে এমন একটা গুঞ্জন ছিল। তিনি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে রূঢ় আচরণ করছিলেন। এ জন্য অনেক শিক্ষার্থী ও শিক্ষক চলেও যান। কিন্তু ইয়াসমিন বরাবরই স্কুল বন্ধ হয়ে যাওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সপ্তাহ খানিক আগে জানা যায় যে ভাড়া ভবনে স্কুল চলছে সে ভবনের অনেক ভাড়া বকেয়া পড়েছে। সন্দেহ প্রবল হলে কোনো কোনো অভিভাবক তাঁর বাড়ির ওপর খেয়াল রাখতে শুরু করেন। আজ বুধবার রাত ৯টা থেকে পলাক্রমে অভিভাবকেরা বারিধারায় ইয়াসমিনের বাড়ি পাহারা দিতে শুরু করেন। ভোর ৫টার দিকে স্যুটকেস হাতে চম্পট দেওয়ার সময় তাঁকে অভিভাবকেরা ধরে ফেলেন।
থানায় ছিলেন স্কুলের শিক্ষক এবং আয়ারাও। তানিয়া আলম নামের এক শিক্ষক বলেন, ‘স্কুলের সাইনবোর্ড মুছে ফেলার পরও অধ্যক্ষ আমাদের বলেছেন স্কুল বন্ধ হবে না। গতকাল (বুধবার) যখন স্কুলের মাইক্রোবাস বেচার কথা হচ্ছিল তখন আমরা বুঝতে পারি স্কুল বন্ধ হচ্ছে। আমরা শিক্ষকেরা তাঁর কাছে স্পষ্ট উত্তর চাইলে তিনি বলেন, স্কুল বন্ধ হয়ে গেলেও তিনি সব দেনা-পাওনা মিটিয়ে ৭ জুন ফিরে যাবেন। তারপর তো বুঝলাম উনি মিথ্যে বুঝিয়েছিলেন।’ শিক্ষকেরা জানান, প্রতি বছর কনসার্ট করে শিক্ষার্থীদের আকৃষ্ট করা হয়। এ বছরও ২৭ ফেব্রুয়ারি কনসার্ট হয়েছে। প্লে গ্রুপের শিক্ষার্থীরা লক্ষাধিক টাকা জমা দিয়ে ভর্তি হয়ে আছে। জুলাই থেকে তাদের ক্লাস শুরু হওয়ার কথা। কিছু শিক্ষার্থী ও লেভেল পরীক্ষা দিচ্ছে। কারও পরীক্ষা সামনে। এ অবস্থায় অন্য স্কুলে ভর্তি হওয়া কঠিন।
আজ বিকেল পর্যন্ত এ নিয়ে কোনো মামলা হয়নি। গুলশান থানার আচরণও ছিল রহস্যজনক। দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ইয়াসমিন রাজভয়ের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া যায়নি। ওবায়দুর রহমান নামে দায়িত্বপ্রাপ্ত একজন উপপরিদর্শকের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘ওসি সাহেব রেস্টে আছেন। উনি পরে কথা বলবেন।’ ইয়াসমিন রাজভয় কোথায় জানতে চাইলে পরিদর্শকের (তদন্ত) কক্ষ দেখিয়ে দেওয়া হয়। কিন্তু সেখানেও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।
ঢাকায় পাকিস্তান দূতাবাসের মুখপাত্র আমব্রিন জান প্রথম আলোকে বলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রদূত বিষয়টি দেখছেন। এ বিষয়ে দূতাবাসের কোনো বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়নি।’