অর্থের জন্য জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান, এ নীতি বাস্তবায়নের জন্য আলাদা অর্থ বরাদ্দ চাইবে তাঁর মন্ত্রণালয়। তিনি নীতিমালা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষানীতি বাস্তবায়ন কৌশল নিয়ে আয়োজিত এক কর্মশালা শেষে তিনি এ কথা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) ‘জাতীয় শিক্ষানীতি ২০১০: বাস্তবায়ন কৌশল’ শীর্ষক ওই জাতীয় কর্মশালার আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষানীতি বাস্তবায়নের জন্য দ্রুত একটি কমিটি গঠন করা হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষানীতি বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। এ জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। ওই প্রক্রিয়ায় কিছু বিষয় দ্রুত বাস্তবায়িত হবে, কিছু চলতে থাকবে আর কিছু বিষয় বাস্তবায়নে সময় লাগবে। তিনি বলেন, ‘দ্রুত শক্ত ও বাস্তবসম্মতভাবে আমরা এগোব।’বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অবকাঠামো ঠিক করার অপেক্ষা না করে প্রথমে শিক্ষাক্রম ঠিক করার মাধ্যমে শিক্ষানীতি বাস্তবায়ন শুরু করতে হবে।মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের অধ্যাপক ছিদ্দিকুর রহমান। তিনি প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত করার সিদ্ধান্ত বাস্তবায়নে দুটি প্রস্তাব তুলে ধরেন। এর একটি হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন কক্ষ তৈরি করে আসবাব সরবরাহ এবং শিক্ষক নিয়োগ করা। দ্বিতীয় প্রস্তাবে বিদ্যমান নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার ভৌত-সুবিধা ও শিক্ষকদের নিয়ে আলাদা উচ্চ প্রাথমিক শাখা চালু করার কথা বলা হয়। সেই সঙ্গে প্রস্তাব দুটির সুবিধা ও চ্যালেঞ্জও তিনি তুলে ধরেন।কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন অর রশীদ, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সালমা আখতার।