টার্কিশ হোপ স্কুলে প্রকল্প মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের (আইটিএইচএস) প্রি-স্কুল সেকশন গত মঙ্গলবার একটি মেলার আয়োজন করে। প্রথমবারের মতো আয়োজিত এ মেলায় শিক্ষার্থীরা তাদের শ্রেণিকক্ষের নিয়মিত শিক্ষা কার্যক্রমকে প্রকল্প আকারে উপস্থাপন করে।
প্রকল্পগুলো ছিল বাংলা ও ইংরেজি ভাষার দক্ষতা, গণিতের কলাকৌশল, বিজ্ঞানের দক্ষতা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বিষয়ে। উত্তরায় স্কুলটির প্রি-স্কুল ও জুনিয়র সেকশনের মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেলা চলে। অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রকল্প উপস্থাপন করা এবং দর্শনার্থীদের কাছে সেটি বর্ণনা করায় কেজি সেকশনের শিক্ষার্থীরা বেশ উৎসাহী ছিল। খুদে শিক্ষার্থীরা সাবলীলভাবে নিজেদের প্রকল্প তুলে ধরে এবং দর্শনার্থীদের নানান প্রশ্নের উত্তর দেয়।
‘শিশু ও পরমাণু’ অনুষ্ঠান: মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে গত সোমবার ‘শিশু ও পরমাণু’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে রুশ রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের ব্যবস্থাপনাধীন প্রতিষ্ঠান এএসই গ্রুপ অব কোম্পানিজ। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে পরমাণু শিল্প তথ্যকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল ‘বিদ্যুৎ স্বনির্ভর মোদের দেশ: স্বনির্ভর বাংলাদেশ’ বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরমাণু পাঠ-অ আ ক খ বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন এবং পরমাণুশক্তি-বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়।