টি-শার্ট নিয়ে ভাঙচুর সড়ক অবরোধ
রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটের এক দোকানিকে মারধর ও দোকানে ভাঙচুর চালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্রলীগের কর্মীরা। এর প্রতিবাদে মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা এক ঘণ্টা কাঁটাবন-শাহবাগ সড়ক অবরোধ করে রাখলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিক্রি করা টি-শার্ট ফেরত নিয়ে টাকা না দেওয়ায় গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।শাহবাগ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘সারাবেলা’ নামের এক দোকান থেকে কয়েক দিন আগে টি-শার্ট কেনেন শহীদুল্লাহ হলের এক ছাত্র। গতকাল তিনি টি-শার্টটি ফেরত দিয়ে টাকা দাবি করেন। কিন্তু দোকানি টাকা ফেরত না দেওয়ায় ছাত্ররা তাঁকে মারধর করেন ও দোকানে ভাঙচুর চালান।এদিকে দোকানের মালিক আবদুল্লাহ রায়হান বলেন, পয়লা বৈশাখের আগের দিন কেনা টি-শার্ট গতকাল ফেরত দিতে আসেন কিছু ছাত্র। এ সময় তাঁরা টি-শার্টটি রেখে টাকা ফেরত দিতে বলেন। কিন্তু মার্কেটের নিয়ম অনুসারে টাকা ফেরত না দিয়ে টি-শার্ট পরিবর্তন করে দেওয়ার কথা বললে তাঁরা উত্তেজিত হয়ে যান। তর্কাতর্কির একপর্যায়ে তাঁরা চলে যান। পরে হলের ২০-২৫ জন ছাত্রকে নিয়ে এসে দোকানের বিক্রেতা রাজুকে মারধর করেন এবং দোকানে ভাঙচুর চালান।হল সূত্রে জানা গেছে, প্রাণিবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাসুদের সঙ্গে ঘটনার সূত্রপাত হয়। তিনি শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আযমের অনুসারী বলে জানা গেছে। এ বিষয়ে শাহরিয়ার আযম বলেন, ‘আমি এ বিষয়ে কোনো কিছু জানি না।’