বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ক্যাজুয়াল, ওয়ার্কচার্জডসহ সব স্তরের কর্মচারীর চাকরির নিশ্চয়তার বিধান রেখে সরকারি টেলিযোগাযোগ বিভাগসহ (ডট) ২৮ দফার পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছেন টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়নের (সিবিএ) নেতারা। তা না হলে বিটিসিএলকে আগের বিটিটিবিতে ফেরত নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। দাবি মানা না হলে জুন মাসব্যাপী বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হবে বলে জানিয়েছেন নেতারা।গতকাল বুধবার গুলিস্তানে টেলিফোন ভবনে অনুষ্ঠিত মহাসমাবেশে নেতারা জুন মাসের কর্মসূচির ঘোষণা দেন। সিবিএর সভাপতি নুরুল আজাদের সভাপতিত্বে মহাসমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পুলিশ হেডকোয়ার্টার, বঙ্গবাজার ক্রসিং ও কার্জন হল হয়ে প্রেসক্লাব ঘুরে টেলিফোন ভবনে শেষ হয়।বিক্ষোভ সমাবেশে নেতারা সিবিএর সঙ্গে চুক্তি, পাঁচ কোম্পানি একত্রীকরণ, কর্মচারী ও কর্মকর্তার স্বার্থ নিশ্চিত করে বিধিমালা-প্রবিধানমালা প্রণয়ন, কোম্পানিতে সবার সরকারি চাকরির পূর্ণ নিশ্চয়তা প্রদান, পাঁচ কোম্পানি একত্র করে শেয়ার ছাড়ার আগেই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কর্মচারীদের প্রি-আইপিওর মাধ্যমে ৩০ শতাংশ শেয়ার দেওয়ার দাবি জানান।সমাবেশে বক্তব্য দেন সিবিএর মহাসচিব এস এম এ মুকিতসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা।