সাংসদদের কর্মকাণ্ড নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) করা প্রতিবেদনের অনুলিপি চেয়েছে তথ্য মন্ত্রণালয়। এ-সংক্রান্ত একটি চিঠি টিআইবিকে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।টিআইবি গত ১৪ অক্টোবর সাংসদদের কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, জাতীয় সংসদের ১৪৯ জন সাংসদের ৯৭ শতাংশ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত। এই সাংসদেরা নিজের পদকে টাকা আয়ের উৎসব হিসেবে ব্যবহার করেন। প্রতিবেদনে এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। টিআইবির ওই প্রতিবেদন নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে বিভিন্ন পর্যায় থেকে ওই প্রতিবেদনের সমালোচনা করা হচ্ছে। এমন অবস্থায় টিআইবির কাছে প্রতিবেদনটির অনুলিপি চেয়ে চিঠি দিল তথ্য মন্ত্রণালয়।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁরা গতকাল বিকেলে মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন। আগামী কর্মদিবসে প্রতিবেদনের অনুলিপি মন্ত্রণালয়ে দেওয়া হবে।