তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ধরপাকড়ের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের ২৫০ জন শিক্ষক। গতকাল সোমবার এক বিবৃতিতে তাঁরা এই নিন্দা জানিয়েছেন। অন্যদিকে, ক্যাম্পাসে গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা এবং পুলিশকে মারধরের অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা করেছে পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বাদী হয়ে রোববার রাতে খালেদ মোশাররফকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মোশাররফ বিপ্লবী ছাত্র মৈত্রীর (গণফ্রন্ট) সাংগঠনিক সম্পাদক। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির আইনের ছাত্র। রোববার সন্ধ্যায় শাহবাগ থানার সামনে থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, হরতাল চলাকালে গাড়ি ভাঙচুরে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে জানান, হরতাল চালকালীন বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক বাকি সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সভা শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান। এদিকে সাদা দলের আহ্বায়ক সদরুল আমিনের সই করা বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের ওপর নির্যাতনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জনগণের প্রতিপক্ষ না বানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে বিদেশের সঙ্গে সম্পাদিত দেশের স্বার্থসংশ্লিষ্ট চুক্তিগুলো জনগণকে অবহিত করার জন্য এবং দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলেরও জোর দাবি জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, গত রোববার ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভেতর ঢুকে সাধারণ শিক্ষার্থীদের মারধর ও ধরপাকড় করে পুলিশ। এ সময় ছাত্রীদেরও মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ জনকে আটক করলেও রাতেই সবাইকে ছেড়ে দেয়।