টিকার জন্য ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়ার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে
প্রথম আলো

করোনাভাইরাস সংক্রমণ রোধে এবার ঢাকা মহানগরীর অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দিতে যাচ্ছে সরকার। এ জন্য ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ১৯ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ই–মেইলে ([email protected]) পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা এক আদেশে এ তথ্য চাওয়া হয়। এতে বলা হয়, মাউশির আওতাধীন ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য এ তথ্য চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। মানিকগঞ্জের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১২ জন শিক্ষার্থীকে টিকা দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। যুক্তরাষ্ট্র উদ্ভাবিত ফাইজার–বায়োএনটেকের টিকা প্রয়োগ করা হচ্ছে শিশুদের শরীরে।

আরও পড়ুন