টিকিট কেনাবেচায় প্রিপেইড কার্ড চালু করা হয়েছে
রাজধানীর বালুরঘাট থেকে ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত নতুন একটি বাস চলাচল পথ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি)। এ পথে চীন থেকে সদ্য আমদানি করা ২০টি বাস চলাচল শুরু করেছে। এসব বাসে ই-টিকেটিং (যন্ত্রের মাধ্যমে টিকিট বিক্রি) ব্যবস্থা চালু করা হয়েছে। গতকাল রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় ওয়ার্কশপে নতুন এই পথ এবং ই-টিকেটিং কার্যক্রমের উদ্বোধন করেন লজিস্টিক এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জহিরুল আলম। অনুষ্ঠানে স্টেশন কমান্ডার কর্নেল তানভীন হাসান মজুমদার, বিআরটিসির পরিচালক (অর্থ ও কারিগরি) কর্নেল আকতার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, বাসে ওঠা-নামার জন্য যেসব স্থানে (স্টপেজ) ই-টিকেটিং-ব্যবস্থা চালু করা হয়েছে, সেখানে যাত্রীরা নগদ টাকায় টিকিট কিনতে পারবে। চাইলে প্রিপেইড কার্ডের মাধ্যমেও টিকিট কেনা যাবে। বিআরটিসি তাদের সবগুলো পথে ই-টিকেটিং (যন্ত্রের মাধ্যমে টিকিট বিক্রি, প্রিপেইড কার্ড রিচার্জ) চালু করার লক্ষ্যে এন-ওয়েভ নামের একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে। এর আওতায় ইতিমধ্যে আবদুল্লাহপুর-মতিঝিল পথের সবগুলো স্পপেজে ই-টিকেটিং কার্যক্রম চলছে। মিরপুর-মতিঝিল পথের বেশ কিছু স্টপেজেও ই-টিকেটিং চালু রয়েছে। বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীরা ই-টিকেটিং স্টপেজ থেকে ৩০০ টাকার প্রিপেইড কার্ড কিনে ৫০ থেকে এক হাজার টাকা রিচার্জ করতে পারবে। কার্ডের মেয়াদ পাঁচ বছর এবং এ সময়ের মধ্যে আট হাজার বার রিচার্জ করা যাবে। ই-টিকেটিং স্টপেজেই কার্ড রিচার্জ করা যাবে। এসব কার্যক্রম পরিচালনার জন্য টিকিট বিক্রি থেকে আয় করা অর্থের পাঁচ শতাংশ পাবে এন-ওয়েভ। বাকি ৯৫ শতাংশ বিআরটিসির। কর্নেল আকতার কামাল প্রথম আলোকে বলেন, ই-টিকেটিং-ব্যবস্থায় প্রতিটি স্টপেজে কী পরিমাণ টিকিট বিক্রি হলো, কত আয় হলো, তা বিআরটিসি অনলাইনে জেনে নিতে পারবে। এতে স্বচ্ছতা বাড়বে। তিনি জানান, আগামী জুলাই মাসের মধ্যে প্রিপেইড কার্ডধারীরা কাউন্টার থেকে টিকিট না কেটেই বাসে উঠতে পারবে। এ ক্ষেত্রে বাসে একটি বিশেষ যন্ত্র বসানো হবে। যাত্রীরা বাসে ওঠার সময় একবার এবং নামার সময় পুনরায় সেই যন্ত্রে কার্ড পাঞ্চ করবে। প্রিপেইড কার্ডের দাম আরও কমানোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।১১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন থেকে আমদানি করা বিআরটিসির ১০০ বাসের চলাচল উদ্বোধন করেন। এই বাসগুলো থেকে প্রথমে কিছু বাস দিয়ে আবদুল্লাহপুর-মতিঝিল পথ চালু করা হয়। গতকাল উদ্বোধন করা হয়েছে বালুরঘাট-মতিঝিল পথটি। এরপর গাবতলী-মতিঝিল পথও চালু করা হবে বলে বিআরটিসি সূত্র জানিয়েছে।