টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মাথা তুলে দাঁড়াতে পারছে না। ওই বিদ্যালয়ের জমিতে একটি বেসরকারি বিদ্যালয় গড়ে উঠেছে। বেসরকারি বিদ্যালয়টি আবার আইন পড়ানো ও সেলাই শেখানো দুটি প্রতিষ্ঠানকে ভবন ভাড়া দিয়েছে। জানা যায়, ১৯৯৬ সালে মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে মতিঝিল কলোনি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এখন ওই জায়গার প্রকৃত মালিক প্রাথমিক বিদ্যালয়-ভবন নির্মাণ করতে গিয়ে বিপাকে পড়ছেন। ভবনটির নির্মাণকাজ থামাতে কলোনি উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছে বারবার আবেদন জানানো হচ্ছে। তা ছাড়া স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি নির্মাণকাজ বন্ধে নানা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৯৪৮ সালে ৬৩ দশমিক ২৮ শতাংশ জায়গার ওপর প্রতিষ্ঠা করা হয় মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহানগর জরিপেও এই জমির মালিকানা বিদ্যালয়ের নামে নথিভুক্ত (রেকর্ড) করা হয়। পরবর্তী সময়ে ২০০৭ সালের ৫ ডিসেম্বর বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ৮ মার্চ থেকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ (পিএন্ডটি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছে।এ বছরের ৪ জানুয়ারি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণ করতে কার্যাদেশ দেয় এলজিইডি। এ জন্য এক কোটি ৯৪ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ৭ জানুয়ারি ভবনটি ভাঙার কাজ শুরু হয়।জানতে চাইলে মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান হামিদা প্রথম আলোকে বলেন, ‘ওই জায়গার সব কাগজপত্র আমাদের বিদ্যালয়ের নামে। সরকারি সব নথিতেও তাই আছে। বিদ্যালয়ের পক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছে। তার পরও অবৈধভাবে প্রতিষ্ঠিত কলোনি উচ্চবিদ্যালয় আমাদের বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজে নানাভাবে বাধা দিচ্ছে।’জানা যায়, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবে মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৩ শতাংশ জায়গায় ১৯৯৬ সালে মতিঝিল কলোনি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। অবৈধভাবে গড়ে উঠলেও সে সময় প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ চুপ ছিল। বর্তমানে কলোনি উচ্চবিদ্যালয়ের ভবন ভাড়া নিয়ে বিকেলে বঙ্গবন্ধু ল কলেজ এবং সেলাই শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের কাজ চলছে। বিদ্যালয়টি এবং প্রতিষ্ঠান দুটি মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকসহ সব সুবিধা ব্যবহার করছে। ৫ এপ্রিল প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ না করতে এলজিইডির কাছে লিখিত আপত্তি জানান কলোনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এর আগে গত বছরের ১১ আগস্ট প্রাথমিক বিদ্যালয়ের নামফলক সরিয়ে কলোনি উচ্চবিদ্যালয়ের নামফলক লাগিয়ে দেওয়া হয়। সরেজমিন বিদ্যালয়ে গিয়ে কলোনি উচ্চবিদ্যালয় এবং বঙ্গবন্ধু ল কলেজের নামফলক দেখা গেছে।মতিঝিল কলোনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, ‘নিজেদের জায়গার ওপরই আমাদের বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। পূর্ত মন্ত্রণালয় থেকে আমরা ওই জায়গার বরাদ্দ নিয়েছি।’ তিনি আরও বলেন, ভবনটি পশ্চিম দিকে মুখ করে নির্মাণের জন্য এলজিইডির কাছে আবেদন করা হয়েছে। এটি করা হলে দুটো বিদ্যালয়কেই সুন্দর দেখাবে। অভিযোগ পাওয়া যায়, প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ না করতে কলোনি উচ্চবিদ্যালয়ের পক্ষে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এলজিইডির প্রকৌশলীকেও হুমকি দিয়ে যাচ্ছেন। জানা যায়, বিগত চারদলীয় জোট সরকারের সময় কলোনি বিদ্যালয় কর্তৃপক্ষ বিএনপির স্থানীয় নেতাদের মাধ্যমে প্রভাব দেখাত। তখন বিদ্যালয়টির নামফলকে ওই এলাকার একজন মন্ত্রীর নামও লেখা ছিল। যোগাযোগ করা হলে বিদ্যালয়ের নির্মাণকাজের সঙ্গে জড়িত এলজিইডির সহকারী প্রকৌশলী আলী হায়দার প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের পেছনের দিকে কিছু অংশ দখল করেছে কলোনি উচ্চ বিদ্যালয়। ওই স্থান যাতে ভাঙা হয়, সে জন্য তারা বারবার চাপ দিচ্ছে।’