টিপ নিয়ে হয়রানি: ৭২ ঘণ্টার মধ্যে দায়ী পুলিশকে চিহ্নিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

কপালে টিপ পরায় রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ রোববার পরিষদের এক বিবৃতিতে এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করে তাঁর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

হয়রানির শিকার হয়ে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার কলেজের কাছে হয়রানির শিকার হন। পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাঁকে গালি দেন বলে গতকাল শনিবার শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন লতা।

আজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়, লতা সমাদ্দারের ওপর সংঘটিত ঘটনা পুলিশ প্রশাসনের একাংশের চলমান সাম্প্রদায়িকতার নগ্ন রূপ। মুক্তিযুদ্ধের সরকার ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সাম্প্রদায়িকতা আজ মুক্তিযুদ্ধের চেতনাকে কুরে কুরে খাচ্ছে। এ থেকে মুক্তি না পেলে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিতভাবেই অন্ধকার।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং রানা দাশগুপ্ত এই বিবৃতিতে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওই পুলিশ সদস্যকে চিহ্নিত করতে হবে এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।