টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবি বাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। একই সঙ্গে এ প্রকল্পে বাংলাদেশের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাখ্যান এবং বাঁধ সমীক্ষা দলে পরিবেশবান্ধব ও প্রকৃত নদী বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনটি। টিপাইমুখ বাঁধ নির্মাণের সর্বশেষ অবস্থা নিয়ে গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাপা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন। বাপার সহসভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের জাতীয় কমিটির সদস্য ম. ইনামুল হক ও যুগ্ম সম্পাদক শরীফ জামিল বক্তব্য দেন।সভাপতির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘জাতীয় স্বার্থে টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ ও প্রকল্পে বাংলাদেশের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। বাংলাদেশ সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান এখনো পরিষ্কার নয়, ক্ষমতায় থাকলে একধরনের অবস্থান আবার ক্ষমতার বাইরে থাকলে অন্য ধরনের অবস্থান লক্ষ করছি।’ দেশের সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে অবস্থান ধরে রাখার আহ্বান জানান তিনি।ইনামুল হক বলেন, ‘টিপাইমুখ বাঁধ নির্মিত হলে আমাদের যতটুকু না উপকার হবে, তার চেয়ে বেশি ক্ষতি হবে। ভারত বারবার বলছে বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো প্রকল্প করবে না। বাস্তবতা হলো, এই বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশে ব্যাপক পরিবেশ ও মানবিক বিপর্যয় সৃষ্টি হবে, অন্যদিকে ভারতের মণিপুর রাজ্যসহ সে দেশের একটি অংশে একই ধরনের ক্ষতি হবে।’সংবাদ সম্মেলনে বাঁধ সমীক্ষা দলে পরিবেশবান্ধব ও প্রকৃত নদী বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার দাবির সঙ্গে আরও আট দফা দাবি জানানো হয়। তার মধ্যে টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ ও সম্ভাব্য ফুলারতল সেচ প্রকল্প বাতিল, ভারত প্রণীত টিপাইমুখ প্রকল্পের বাঁধের নকশা ও নির্মাণ কৌশলসংক্রান্ত কারিগরি তথ্যাদি, সম্ভাব্য বাঁধ ভাঙন সমীক্ষা প্রতিবেদন, নিম্ন অববাহিকায় সম্ভাব্য পরিবেশগত ও আর্থিক প্রতিক্রিয়া সমীক্ষা প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি রয়েছে।