টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত
বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী বরাকের ওপর টিপাইমুখে বাঁধ দেওয়ার ভারতীয় সিদ্ধান্তের প্রতিবাদ ও বাতিলের দাবিতে ১৩ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল শনিবার মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এ কর্মসূচি নেওয়া হয়। এ কর্মসূচি সফল করতে বাম মোর্চার নেতারা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন সংগঠন বাঁধ নির্মাণের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করেছে। বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশুর সভাপতিত্বে গতকাল সকালে তোপখানা রোডের অস্থায়ী কার্যালয়ে সভা হয়। সভায় সাইফুল হক, বজলুর রশিদ ফিরোজ, জোনায়েদ সাকি প্রমুখ বক্তব্য দেন। সভায় টিপাইমুখে বাঁধ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী তৎপরতা থেকে ভারত সরকারকে সরে আসার আহ্বান জানানো হয়। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে। এতে বলা হয়, ভারত ও বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর জীবনব্যবস্থা, অর্থনীতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রয়োজনে যেকোনো মূল্যে টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে। মানববন্ধনে পবার চেয়ারম্যান আবু নাসের খান, সম্পাদক হালিম দাদ খান, হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব এক সংবাদ সম্মেলনে বলেছেন, টিপাইমুখ বাঁধ বাংলাদেশের জন্য একটি মরণফাঁদ। এই বাঁধ নির্মাণের উদ্যোগ প্রতিরোধ করতে হবে। সংবাদ সম্মেলন থেকে ৭ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করা হয়। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় বাঁধ নির্মাণের ষড়যন্ত্রের প্রতিবাদে ২৯ ডিসেম্বর টিপাইমুখ অভিমুখে পদযাত্রার কর্মসূচি নেওয়া হয়। খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল হাবীবুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা নেজাম উদ্দীন প্রমুখ বক্তব্য দেন। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে কর্মসূচি পালন করছে।