টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গতকাল সোমবার রাজধানীতে সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, টিপাইমুখ হবে বাংলাদেশের জন্য মরণফাঁদ। এ ছাড়া গণতান্ত্রিক বাম মোর্চা গতকাল দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাঁধ নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছে।টিপাইমুখে বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে সিপিবি গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, টিপাইমুখে বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরকালে ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো স্থাপনা নির্মাণ করা হবে না। তার পরও ভারত সরকার টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার বক্তব্য দুর্ভাগ্যজনক। বাংলাদেশের মানুষের আপত্তির পরও বাঁধ নির্মাণ করা হলে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে। সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির সহসাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, এ এন রাশেদা প্রমুখ।গণতান্ত্রিক বাম মোর্চার বিক্ষোভ: টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। সমাবেশে বক্তারা বলেন, ভারত একতরফাভাবে টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দিকে এগোচ্ছে। এর জোরালো প্রতিবাদ জানানো দূরের কথা, মন্ত্রী-উপদেষ্টারা এই বাঁধ হলে দেশের কী উপকার হবে, তার ফিরিস্তি দিচ্ছেন।গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশুর সভাপত্বিতে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন শুভ্রাংশু চক্রবর্তী, সাইফুল হক, জোনায়েদ সাকী প্রমুখ।