টিভি চ্যানেলগুলোর সঙ্গে পরামর্শ করে সম্প্রচার নীতিমালা প্রণয়নের সুপারিশ
বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে পরামর্শ করে জাতীয় সমপ্রচার নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে সদস্যরা অভিযোগ করেন, বিভিন্ন টিভি চ্যানেলে শিশুদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠানের সংখ্যা ও বরাদ্দ করা সময় খুবই কম। তাছাড়া ওই সব অনুষ্ঠান শিশুদের পড়ার সময় সম্প্রচার করা হয়। এ জন্য স্থায়ী কমিটি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে শিশুদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠানের সংখ্যা বাড়ানো এবং অনুষ্ঠানগুলো শিশুদের দেখার উপযোগী সময়ে সম্প্রচার করার সুপারিশ করে। এ বিষয়ে শিগগিরই সংসদীয় কমিটি টেলিভিশন চ্যানেলগুলোর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে।কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, শাহিন মনোয়ারা হক, সারাহ বেগম কবরী, সুকুমার রঞ্জন ঘোষ, বি এম মোজাম্মেল হক ও শাহরিয়ার আলম অংশ নেন।