তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন কীভাবে দেওয়া হয়েছে সে সম্পর্কে ‘খোলাখুলিভাবে’ কিছু বলা যাচ্ছে না।‘মহাজোট সরকারের তিন বছর: গণমাধ্যম ও তথ্য অধিকার’ শীর্ষক সেমিনারে গতকাল শনিবার তিনি এই মন্তব্য করেন।তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা তথ্য অধিকার আইন পাস করেছি, কমিশন গঠন করেছি। অল্প কিছু সংবাদপত্র আর বেশ কয়েকটি টিভি চ্যানেলের অনুমোদন দিয়েছি।’ তিনি বলেন, ‘এ ব্যাপারে খোলাখুলি তো কিছুই বলতে পারছি না। আপনারা যাঁরা কর্মী আছেন, তাঁরা একটু ঠারেঠোরে বুঝে নেন।’ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ায় যা করা দরকার তাই হবে।সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাংবাদিকদের আন্দোলন প্রসঙ্গে পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের ক্ষেত্রে স্বাধীনতার সপক্ষের শক্তি ও বিএনপি-জামায়াতসহ সব রসুনের কোয়া এক গুট্টিতে গিয়ে যোগ হয়েছে।’বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতেই সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংবাদমাধ্যমের একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস। বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন, সঞ্চালনা করেন তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন। সভাপতিত্ব করেন দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দ রেজাউর রহমান।