গণমাধ্যম সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও দুর্নীতির দিকে আঙুল তুললেও করপোরেট খাতে সংঘটিত দুর্নীতির ব্যাপারে সমান সোচ্চার নয়। একই সঙ্গে অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সংবাদ চর্চার ধারাটি বর্তমান টেলিভিশন সাংবাদিকতায় অনুৎসাহিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল শনিবার ‘বাংলাদেশ টেলিভিশন সাংবাদিকতার সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে গণমাধ্যম সব সময়ই গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। শুধু বস্তুনিষ্ঠ, সাহসী ও বঞ্চিত মানুষের প্রতি সংবেদনশীল সাংবাদিকতার মাধ্যমেই এ সাফল্য ধরে রাখা সম্ভব।বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখতে হলে একটি সমন্বিত গণমাধ্যম নীতিমালা জরুরি। তিনি বলেন, ‘গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বচ্ছ তদারকির মাধ্যমে এর স্বাধীনতা চর্চায় সরকার সেখানে সহায়ক ভূমিকা পালন করতে পারে।’আলোচনার মূল বক্তব্যে টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, চ্যানেলগুলো দিনের ঘটনা তুলে ধরার ক্ষেত্রে উদ্যোগী হলেও অনুসন্ধানমূলক সংবাদ পরিবেশনে সমান মনযোগী নয়।মাছরাঙা টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাহ আলমগীর বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই যোগ্য ব্যক্তির বদলে সরকারের পছন্দের লোকজন টেলিভিশন চ্যানেলের মালিকানা পেয়ে যাচ্ছেন। টেলিভিশন সাংবাদিকতার সাম্প্রতিক প্রবণতাটি তাই ফরমায়েশি। অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সংবাদ চর্চার ধারাটি সেখানে অনুৎসাহিত। উপস্থিত বক্তারা বলেন, দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোর সংবাদ শিরোনাম যখন কোনো করপোরেট কোম্পানির নামে পরিবেশিত হয়, তখন তথ্যের স্বাধীনতা চর্চার চেয়ে মুনাফা অর্জনই মুখ্য হয়ে দাঁড়ায়। অনুষ্ঠানে টিভি সাংবাদিকতা ও অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।