টিসিবির পণ্য গুদাম থেকে বিক্রির স্থানে যেতে লাগছে ৬-৮ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুদাম কর্মকর্তার কক্ষের সামনে টিসিবির পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের ভিড়
ছবি: প্রথম আলো

টিসিবির পরিবেশক মেসার্স ফারজাদ এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি মো. ইব্রাহিম। আজ মঙ্গলবার সকাল সাতটায় তিনি তেজগাঁওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে (৩৪৪/সি তেজগাঁও শিল্প এলাকা) যান পণ্যের বরাদ্দপত্র নিতে। আধা ঘণ্টা পর বরাদ্দপত্র পেয়ে জানতে পারেন, তাঁকে ট্রাকে পণ্য ওঠাতে হবে টিসিবির আরেকটি গুদাম (২৩০ তেজগাঁও শিল্প এলাকা) থেকে।

এ দুই স্থানের দূরত্ব এক কিলোমিটারের বেশি। প্রায় আধা ঘণ্টা পর সকাল আটটায় ওই গুদামে পৌঁছেই সিরিয়ালের জন্য দায়িত্বপ্রাপ্ত গুদাম কর্মকর্তার কাছে বরাদ্দপত্রটি জমা দেন। পান ৪৩ নম্বর সিরিয়াল। এরপর গুদামের বাইরে রাস্তার এক পাশে ট্রাক দাঁড় করিয়ে শুরু হয় অপেক্ষা।

দুপুর ১২টার দিকে গুদামের ভেতরে ট্রাক ঢোকানোর ডাক আসে ইব্রাহিমের। ততক্ষণে আগের সিরিয়ালে থাকা পরিবেশকদের ৪২টি ট্রাকে পণ্য তুলে ক্লান্ত ও ক্ষুধার্ত শ্রমিকেরা কিছুটা জিরিয়ে নাশতা–পানি খাচ্ছেন। তাই অপেক্ষার শুরু আবারও। এবার অপেক্ষা করতে হলো আধা ঘণ্টার বেশি।

দুপুর ১২টা ৩৫ মিনিটে শুরু হয় ইব্রাহিমের ট্রাকে পণ্য ওঠানো। পর্যায়ক্রমে সয়াবিন তেল, মসুর ডাল, ছোলা, পেঁয়াজ, চিনি ও খেজুর ট্রাকে ওঠাতে লাগে আরও ২৫ মিনিট। বেলা একটার দিকে পণ্য নিয়ে মো. ইব্রাহিম রওনা দেন বিক্রির নির্ধারিত স্থানের উদ্দেশে। আজ তাঁর পণ্য বিক্রির নির্ধারিত স্থান ছিল ঢাকা দক্ষিণ সিটির ৭৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণগাঁও বটতলা এলাকা। ওই স্থানে পৌঁছান বেলা আড়াইটার পর। গুদামে সিরিয়াল দেওয়া, ট্রাকে পণ্য ওঠানো এবং বিক্রির নির্ধারিত স্থানে পৌঁছানো পর্যন্ত তাঁর সময় লাগে মোট ছয় ঘণ্টা।

গুদামের ভেতরে পণ্য ওঠানোর অপেক্ষায় ট্রাকের সারি। দুপুর ১২টায়
ছবি: প্রথম আলো

মো. ইব্রাহিম প্রথম আলোকে বলেন, আগে শুধু সয়াবিন তেল, মসুর ডাল, চিনি ও পেঁয়াজ দেওয়া হতো। এখন সঙ্গে ছোলা ও খেজুর দেওয়া হচ্ছে। এ কারণে ট্রাকে পণ্য ওঠানোর সিরিয়াল পেতে বেশি সময় লাগছে।

আজ সকাল ১০টায় টিসিবির ২৩০ তেজগাঁও শিল্প এলাকার গুদামে গিয়ে দেখা যায়, গুদামের বাইরে রাস্তার দুই পাশে টিসিবির পরিবেশকদের ৫০টি ট্রাক পণ্য নেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে থাকতে ট্রাকের চালক ও সঙ্গে থাকা পরিবেশকদের বিক্রয় প্রতিনিধিদের কেউ কেউ ট্রাকের ভেতরে বসে ঝিমাচ্ছেন, কেউবা ঘুমিয়ে পড়েছেন।

ভেতরে গিয়ে দেখা যায়, গুদাম কর্মকর্তার কক্ষের সামনে পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের জটলা। কেউ বরাদ্দপত্র জমা দিচ্ছেন, কেউ আবার ট্রাকে পণ্য নেওয়ার অপেক্ষা করছেন।

ট্রাকে ওঠানো হচ্ছে বিভিন্ন পণ্য
ছবি: প্রথম আলো

গুদামের ভেতরে একসঙ্গে পাঁচটি ট্রাক ঢুকিয়ে পণ্য ওঠানো হয়। নির্ধারিত ছয়টি পণ্য ট্রাকে ওঠানো হয় পৃথক পাঁচটি গুদামঘর থেকে। এর মধ্যে সয়াবিন তেল ও মসুর ডাল দেওয়া হয় একটি গুদামঘর থেকে।

গুদাম কর্মকর্তার কক্ষের সামনের বারান্দায়ও কয়েকজন বিক্রয় প্রতিনিধিকে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। পাশেই গাছতলায় বসে অনেকে গল্প করছিলেন। তরুণদের কেউ কেউ মুঠোফোনে গেমস খেলে সময় পার করেন।

মালিবাগ এলাকার তিন বন্ধু শাহজালাল, খলিলুর রহমান ও রাশেদুল ইসলাম মুঠোফোনে লুডু খেলছিলেন। এই তিনজনই টিসিবির পরিবেশক মেসার্স মিশাল স্টোরের বিক্রয় প্রতিনিধি। সকাল আটটায় তাঁরা টিসিবির গুদামে যান। তবে তাঁদের ট্রাকের সিরিয়াল ছিল (পণ্য ওঠানোর) ৬১ নম্বর। পরে বিকেল তিনটায় পণ্য ট্রাকে তোলেন। বিক্রির স্থানে পৌঁছান বিকেল সাড়ে চারটায়। সময় লাগে আট ঘণ্টার বেশি।
শাহজালাল সকালে প্রথম আলোকে বলেন, ট্রাকে পণ্য লোড করতেই দুপুর কিংবা বিকেল হয়ে যায়। যানজট পেরিয়ে স্পটে যেতে লাগে আরও সময়। কখনো কখনো রাত ১২টার পর বাসায় যাওয়া হয়। সকাল সকালই আবার চলে আসতে হয়।

এই বিক্রয় প্রতিনিধি আরও বলেন, ‘দৈনিক ৫০০ টাকা মজুরি দেওয়া হয়। তবে বাসায় প্রয়োজন হলে মজুরির বদলে তেল, ডাল ও চিনি নিয়ে যাই। তখন ৪৬০ টাকা কেটে রাখে।’

গুদামের বাইরে বিক্রয় প্রতিনিধিরা মুঠোফোনে লুডু খেলে সময় পার করছেন
ছবি: প্রথম আলো

শাহজালালের বাবা বাচ্চু মিয়া একজন মাছ ব্যবসায়ী। মা বিলকিস বেগম গৃহিণী। বড় বোন সিদ্ধেশ্বরী কলেজে পড়াশোনা করছেন। আর নিজে খিলগাঁও সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এখন টিসিবির পরিবেশকদের প্রতিটি ট্রাকে ১ হাজার কেজি পেঁয়াজ ও ছোলা, ৫০০ কেজি চিনি ও ডাল, ২৫০ বোতল (২ লিটারের) সয়াবিন তেল ও ২৫০ কেজি খেজুর দেওয়া হয়। এর মধ্যে ছোলা, পেঁয়াজ, ডাল, চিনি ও খেজুর মিলিয়ে ৩ হাজার ২৫০ কেজি ও ৫০০ লিটার সয়াবিন তেল। আগে শুধু সয়াবিন তেল, চিনি, ডাল ও পেঁয়াজ—এ চারটি পণ্য একেকটি ট্রাকে দেওয়া হতো।

আজ টিসিবির ২৩০ তেজগাঁও শিল্প এলাকার ওই গুদামে অন্তত ১৫ জন পরিবেশক ও তাঁদের বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। তাঁরা জানান, এখন ট্রাক, বরাদ্দকৃত পণ্যের সংখ্যা ও পরিমাণ বেড়েছে। তাই স্বাভাবিকভাবেই আগের চেয়ে বেশি সময় লাগছে। ট্রাকে পণ্য তোলার কাজে নিয়োজিত শ্রমিকের সংখ্যা বাড়ানো হলে সময় কম লাগত বলেও মনে করেন পরিবেশকদের কেউ কেউ।

টিসিবির পরিবেশক মেসার্স মঞ্জুর ট্রেডার্সের মালিক এ এম আল মঞ্জুর প্রথম আলোকে বলেন, শ্রমিকের সংখ্যা বাড়িয়ে দিলে অপেক্ষার ভোগান্তি কিছুটা কমতে পারে। সুযোগ থাকলে অন্য স্থানে অস্থায়ী গুদাম করতে পারলে ভালো। তখন প্রতি গুদামে ট্রাকের সংখ্যা কমবে, বিক্রির নির্ধারিত স্থানে যেতেও সময় লাগবে কম। উদাহরণ টেনে তিনি বলেন, গত রোববার তাঁর ট্রাকে পণ্য ওঠানো শেষ হয় বিকেল চারটায়। পথে একটি ব্যক্তিগত গাড়িতে ধাক্কা লাগলে সেখানে যায় আরও এক ঘণ্টা। এরপর ট্রাক বাবুবাজারে গিয়ে পৌঁছায় সাতটার দিকে। কিন্তু তখন বৃষ্টির কারণে বিক্রি শুরুই করা যায়নি। রাত সাড়ে আটটায় বিক্রি শুরু হয়ে যখন শেষ হয়, তখন রাত আড়াইটা।

কাজের ফাঁকে ক্লান্ত শ্রমিকেরা বসে বিশ্রাম নিচ্ছেন
ছবি: প্রথম আলো

সকাল আটটা থেকে ট্রাকে পণ্য ওঠানোর কাজ শুরু হয়েছে জানিয়ে টিসিবির ২৩০ নম্বর গুদামের কর্মকর্তা জামাল হোসেন প্রথম আলোকে বলেন, পরিবেশকদের ৮৪টি ট্রাকে পণ্য দেওয়া হচ্ছে। পণ্য ট্রাকে তোলার কাজ করেছেন ৩৫ জন শ্রমিক। পণ্য বেশি হওয়ায় আগের চেয়ে প্রতি ট্রাকে তিন থেকে পাঁচ মিনিট বেশি সময় লাগছে। বেলা তিনটার পর ওই গুদামে ট্রাকে পণ্য ওঠানোর কাজ শেষ হয় বলে জানান এই কর্মকর্তা।
ট্রাকে পণ্য ওঠানোর সময় কমিয়ে আনার বিষয়ে জানতে চাইলে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, গত মাসের চেয়ে ২০ জন শ্রমিক বাড়িয়ে দেওয়া হয়েছে। ২৩০ ও ৩৪৪ নম্বর দুটি গুদামে এখন প্রতিদিন ৬৫ জন শ্রমিক কাজ করছেন। গুদামের ভেতরে একসঙ্গে বেশি ট্রাক ঢুকিয়ে পণ্য ওঠানোর সুযোগ থাকলে সময় আরও কমানো যেত বলেন জানান এই কর্মকর্তা।