টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ
বার্ষিক পরীক্ষা ও মাসিক ছাত্রাবাস ফি কমানোর দাবিতে আন্দোলনে নেমেছেন রাজধানীর টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই দাবিতে তাঁরা গতকাল শনিবার উপাচার্যসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন।উপাচার্য নিতাই চন্দ্র সূত্রধর বলেন, শিক্ষার্থীদের দাবি পুনর্বিবেচনার জন্য আগামী বৃহস্পতিবারের মধ্যে সিন্ডিকেট সভা করে সিদ্ধান্ত জানানো হবে।টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রথমবর্ষ বাদে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ফি তিন হাজার ৫০০ টাকা। প্রথমবর্ষের শিক্ষার্থীদের জন্য এই ফি পাঁচ হাজার টাকা। ছাত্রাবাস ফি মাসে ২৯০ টাকা।শিক্ষার্থীরা জানান, পরীক্ষার এই ফি দিয়ে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে ফরম পূরণ করতে বলা হয়। কিন্তু তাঁরা চান সব শিক্ষার্থীর জন্য পরীক্ষার ফি দুই হাজার টাকা ও হলচার্জ ৫০ টাকা করা হোক। এই দাবিতে গতকাল দুপুরে তাঁরা উপাচার্যসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের তাঁদের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে তাঁরা প্রশাসনকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর সময় দিয়ে অবরোধ তুলে নেন। এ সময় পুলিশও বিশ্ববিদ্যালয়ে আসে।শিক্ষার্থীরা বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি ও ছাত্রাবাস ফি অনেক কম। তাই তাঁরা ফি কমানোর দাবি করছেন। ফি না কমালে তাঁরা আন্দোলন করবেন বলে জানান।এ বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়টি নতুন হয়েছে। যখন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজ ছিল, তখন বার্ষিক পরীক্ষার ফি ছিল ছয় হাজার ৯৮০ টাকা। আর ছাত্রাবাস ফি ছিল ৩৬৫ টাকা। বিশ্ববিদ্যালয় হওয়ার পর পরীক্ষার ফি কমিয়ে পাঁচ হাজার ৫৮০ টাকা করা আর ছাত্রাবাস ফি করা হয় ২৯০ টাকা। পরে আরেক দফা কমিয়ে পরীক্ষার ফি করা হয় তিন হাজার ৫০০ টাকা। এখন শিক্ষার্থীরা আবারও দাবি করছে, তা কমানোর জন্য। তিনি বলেন, সিন্ডিকেট সভায় বিষয়টি পুনর্বিবেচনার জন্য তোলা হবে।