জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ
টেন্ডারবাজি থেকে ভর্তি-বাণিজ্য, অভিযোগ দুই নেতার বিরুদ্ধে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত ওই কমিটির সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদের বিরুদ্ধে টেন্ডারবাজি থেকে শুরু করে ভর্তি-বাণিজ্য সবই নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। এমনকি ওই দুই নেতার স্বেচ্ছাচারিতায় সংগঠনের নেতা-কর্মীরা অতিষ্ঠ ছিলেন বলে জানিয়েছেন।এদিকে গতকাল বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি ছিল থমথমে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ছাড়া ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের তেমন লক্ষ করা যায়নি। ছাত্রলীগের নেতা-কর্মীরা আশপাশের এলাকায় অবস্থান নেন। অনেক নেতা-কর্মীকেই সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে দেখা যায়। সাত বছরের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তাঁরা।খোঁজ নিয়ে জানা যায়, ২০০৩ সালের ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ সদস্যের কমিটি হয়। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ এক বছর। সেই হিসেবে সাত বছর আগেই কমিটির মেয়াদ শেষ হয়। মঙ্গলবারের সংঘর্ষের পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাধিক নেতা অভিযোগ করেন, সম্প্রতি একনেকে পাশ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ১০০ কোটি টাকার কাজ ও ভর্তি-বাণিজ্য নিয়ন্ত্রণ করতে তৎপর ছিলেন সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ। এ জন্য অছাত্র হয়েও সাত বছরের মেয়াদোত্তীর্ণ ওই কমিটি তাঁরা ছাড়তে চাননি। শিগগির যাতে নতুন কমিটি ঘোষণা করা না হয়, তা ঠেকাতেও তাঁরা বিভিন্নমুখী তৎপরতা চালাচ্ছিলেন।শিক্ষক-কর্মচারীরাও রেহাই পাননি তাঁদের হাত থেকে। গত শিক্ষাবর্ষে অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করাতে রাজি না হওয়ায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের সভাপতি। গত মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা পদে পছন্দের প্রার্থী নিয়োগ না দেওয়ায় উপাচার্য কার্যালয়ের অফিস সহকারীকে দুই নেতার নির্দেশে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা।নাম প্রকাশ না করার শর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, সম্প্রতি বুদ্ধিজীবী ও বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দিতে যাওয়া শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের নাশতার লক্ষাধিক টাকা কৌশলে আত্মসাৎ করেন ছাত্রলীগের ওই দুই নেতা।বিলুপ্ত কমিটির এক নেতা অভিযোগ করেন, গত আট বছরে দুই নেতা সংগঠনের স্বার্থে কাজ না করে শুধু নিজেদের স্বার্থই দেখেছেন।তবে ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ এসব অভিযোগ অস্বীকার করে গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা সংগঠনের স্বার্থেই কাজ করেছি। অনেক ত্যাগ স্বীকার করেছি। ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। ওই ষড়যন্ত্রের কারণেই কমিটি বিলুপ্ত করা হয়েছে।’