টেলিটক কর্মীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতার পর এবার নিয়োগ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটকে। গতকাল রোববার গুলশানে টেলিটক ভবনের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা গত বৃহস্পতিবার পালন করেছেন চার ঘণ্টার কর্মবিরতি।অপরিকল্পিত নিয়োগ ও বেতনবৈষম্যের প্রতিবাদে এ কর্মসূচি কর্মকর্তা-কর্মচারীদের। প্রয়োজনে অনির্দিষ্টকালের কর্মবিরতিতেও যাবেন বলে জানান তাঁরা। গতকালের বিক্ষোভ সমাবেশে টেলিটক কর্মকর্তা-কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানের সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের সহ-ব্যবস্থাপক আবু রায়হান কাওসার সভাপতি এবং সহকারী ব্যবস্থাপক কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। আবু রায়হান কাওসার বলেন, কোম্পানির বয়স সাত বছর পার হলেও এখনো ‘সার্ভিস রুল’ হয়নি। বেতন-ভাতার ক্ষেত্রেও কোনো কাঠামো মানা হয় না। ফলে ছুটি, পদোন্নতি বা অন্যান্য সুবিধা থেকে কর্মচারী ও কর্মকর্তারা বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর কার্যালয়েও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।