টেলিটকের ধর্মঘট স্থগিত হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলামের আশ্বাসে গতকাল বৃহস্পতিবার বিকেলে ধর্মঘট স্থগিত করেছেন টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা। গত বুধবার রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয়ে অবস্থান ধর্মঘট শেষে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দিয়েছিল টেলিটক কর্মকর্তা-কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সমিতির আহ্বায়ক আবু রায়হান মো. কাওছার প্রথম আলোকে বলেন, পরপর দুই দফা আলোচনা শেষে অতিরিক্ত সচিবের আশ্বাসে কর্মবিরতি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পরিপূর্ণ জনবলকাঠামো, স্থায়ী বেতন কাঠামো ও চাকরিবিধিসহ সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে আজ শুক্রবার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশসহ সব ধরনের নিয়োগ বন্ধ রাখার আশ্বাস পেয়েছেন তাঁরা।