টেলিভিশন ও চলচ্চিত্র জগতে দক্ষ ও মূল্যবোধসম্পন্ন জনবল সৃষ্টির লক্ষ্য নিয়ে পথচলা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগটির উদ্বোধন হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রিসার্চের সভাপতি অধ্যাপক জ্যানেট ওয়াসকো।প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বলেন, এই বিভাগে লেখাপড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা মানবসম্পদে পরিণত হবে। তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, টেলিভিশন ও ফিল্মের মতো শক্তিশালী হাতিয়ার ব্যবহার করে মানুষকে অবগত ও শিক্ষিত করার মতো দক্ষতা ও সামর্থ্য থাকবে এখানকার শিক্ষার্থীদের মধ্যে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভূঁইয়া।