টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন নামে নতুন বিভাগ চালু হচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিভাগটির অনুমোদন দিয়েছে। চলচ্চিত্র ও টেলিভিশনসংক্রান্ত তত্ত্ব, গবেষণা ও নির্মাণ বিষয়কে গুরুত্ব দিয়েই নতুন বিভাগের পাঠ্যক্রম সাজানো হয়েছে।টেলিভিশন ও চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিভাগ চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে সফলতার সঙ্গে বিভাগটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁরা আধুনিক অবকাঠামো নির্মাণ এবং কেবল এ বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিদের বিভাগ পরিচালনা ও শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার ওপর জোর দিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র জানায়, নতুন বিভাগটি চালু হবে স্নাতকোত্তর পর্ব নিয়ে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা শিক্ষার্থীরা এ বিভাগে ভর্তি হতে পারবেন। তবে তাঁদের টেলিভিশন ও চলচ্চিত্র গবেষণা অথবা চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যেসব শিক্ষক যোগদান করবেন, তাঁদেরও চলচ্চিত্র বা টেলিভিশন বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকবে বলে জানা গেছে।নতুন এ বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। বিভাগীয় একাডেমিক কমিটি চলচ্চিত্র গবেষক ও চলচ্চিত্র অধ্যয়ন বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক ফাহমিদুল হককে আহ্বায়ক করে একটি উপ-কমিটি গঠন করে। বিভাগটি চালু করার যাবতীয় কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয় এ উপ-কমিটিকে। গত ২৪ আগস্ট ইউজিসি নতুন বিভাগটি অনুমোদন করে। ২০১১-১২ শিক্ষাবর্ষে বিভাগের কার্যক্রম শুরু করা হবে।নতুন বিভাগের সিলেবাস প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ফাহমিদুল হক বলেন, ‘এ বিভাগ চালু হলে দেশের চলচ্চিত্র ও টেলিভিশন সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আসবে বলে আমরা আশা করি। চলচ্চিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগ চালু হোক, বিশেষত চলচ্চিত্রাঙ্গনের মানুষের এটি বহু পুরাতন দাবি।’পৃথিবীর বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে বহুদিন থেকেই সাংবাদিকতা ও গণমাধ্যমের বাইরে চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে আলাদাভাবে অধ্যয়ন করা হয়। ফাহমিদুল হক বলেন, ভিজুয়াল মাধ্যমের ব্যাপক প্রসারের এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগটি চালু করার অনুমোদনের মাধ্যমে একটি একাডেমিক প্রত্যাশা অর্জিত হলো।এ বিষয়ে কমিটির সদস্য ড. জাকির হোসেন বলেন, বিভাগটি চালু হওয়া অবশ্যই খুশির সংবাদ। তবে ভিন্নধর্মী এ বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে হলে প্রয়োজন যুগোপযোগী অবকাঠামো। সবার আগে প্রয়োজন এ বিষয়ের ওপর অভিজ্ঞ ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়গুলোর ওপর জোর দিতে হ৭বে।সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদউদ্দিন আহমেদ বলেন, এটি খুবই আধুনিক ও যুগোপযোগী বিভাগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চারজন শিক্ষককে নিয়োগ দেওয়ার অনুমতি দিয়েছে। তিনি বলেন, এ ক্ষেত্রে টেলিভিশন ও চলচ্চিত্র বিষয়ে উচ্চশিক্ষিত এবং এ বিষয়ে অভিজ্ঞদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে।