টেলিযোগাযোগ আইনের সংশোধনী নমনীয় করতে সম্মত মন্ত্রণালয়
টেলিযোগাযোগ আইনের সংশোধনী প্রস্তাব নমনীয় করতে সম্মত হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় এ বিষয়ে তাদের নীতিগত অবস্থানের কথা জানিয়েছে। কী কী বিষয়ে ছাড় দেওয়া হবে, সে সম্পর্কে কমিটির আগামী বৈঠকে একটি খসড়া উপস্থাপন করা হবে বলে জানা গেছে।এ বিষয়ে কমিটির সদস্য খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে জানান, বিটিআরসি ও বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলার পর গতকাল কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করেছে। তিন পক্ষের মতামতের ওপর ভিত্তি করেই আগামী বৈঠকে প্রতিবেদন চূড়ান্ত করা হবে।কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল, ২০১০ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা গেছে, বৈঠকে মন্ত্রণালয় বিটিআরসির বিদ্যমান ক্ষমতা অনেকাংশে বহাল রেখে প্রতিষ্ঠানটিকে সরকারের কাছে দায়বদ্ধ রাখার ব্যাপারে কমিটির সঙ্গে একমত হয়েছে।বেসরকারি উদ্যোক্তাদের ক্ষেত্রে প্রস্তাবিত ৩০০ কোটি টাকা জরিমানার অঙ্কও কিছুটা কমিয়ে আনা হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে। প্রস্তাবে বিটিআরসিকে যে বিচারিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে, তাতে উদ্যোক্তাদের জন্য আপিলের সুযোগ রাখার সুপারিশ করবে কমিটি। সরকারকে লাইসেন্সের শর্ত পরিবর্তনের যে একতরফা ক্ষমতা দেওয়া হয়েছে, তাতেও সংশোধনী আসবে। কমিটি এ ক্ষেত্রে উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে লাইসেন্সের শর্ত পরিবর্তনের সুপারিশ করতে পারে।সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির অন্য সদস্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, সোলায়মান হক জোয়ার্দ্দার, নজরুল ইসলাম বাবু ও খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।