ট্যাক্সিক্যাব ও কার উদ্ধার, গ্রেপ্তার ৬
দুটি ভিন্ন ঘটনায় একটি ট্যাক্সিক্যাব ও একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দুপুর পৌনে দুইটার দিকে বিমানবন্দর থানার উপপরিদর্শক ফরিদা পারভীনের নেতৃত্বে অভিযান চালায় পুলিশের একটি দল। তারা বিমানবন্দরের গোলচত্বরের দক্ষিণে পদ্মা অয়েল কোম্পানির বিপরীতে ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে একটি ট্যাক্সিক্যাবসহ (ঢাকা মেট্রো প-১১-২৯৯৫) হূদয়, আনোয়ার ও বিপ্লব নামের তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। অপর ঘটনায় ঢাকায় চুরি হওয়া একটি প্রাইভেট কার গাইবান্ধা থেকে উদ্ধার হয়েছে। এ প্রাইভেট কারটি চুরির অভিযোগে পুলিশ তৌফিকুল ইসলাম ওরফে মোহন, নওশের ওরফে সুমন ও হারুন অর রশিদ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। ২৬ ডিসেম্বর রাজধানীর রামপুরা থানায় এ প্রাইভেট কার চুরির ব্যাপারে মামলা হয়েছিল।পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করে, রাজধানী ও দেশের বিভিন্ন জেলা থেকে তারা সুকৌশলে গাড়ি চুরি করে অন্যত্র বিক্রি করে থাকে। তারা একটি সংঘবদ্ধ গাড়িচোর দলের সদস্য।