ট্যানারি সরাতে শিল্পসচিবের সঙ্গে মালিকদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে ট্যানারির চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপ ওয়েটব্লু সরানোর প্রক্রিয়া চলতি এপ্রিল মাসের মধ্যে শেষ করতে হবে মালিকদের। মালিকেরা তিন মাস সময় চাইলেও সরকার তা নাকচ করে দিয়েছে।
হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারের চামড়া শিল্পনগরীতে সরিয়ে নেওয়ার ব্যাপারে আজ বুধবার শিল্প মন্ত্রণালয়ে ট্যানারি মালিকদের দুটি সংগঠনের সদস্যদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার একটি বৈঠক হয়।
সভায় যে সিদ্ধান্ত হয়েছে, ক্ষতিপূরণের শর্ত শিথিল করে মালিকদের টাকা দেওয়া হবে। জমি নিবন্ধন করে দেওয়ার প্রক্রিয়া এ মাসেই শেষ হবে। কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) ব্যয় (৬৮০ কোটি টাকা) সরকার বহন করবে।
চলতি মাসে কাঁচা চামড়া হাজারীবাগে ঢুকবে কি না, তা স্পষ্ট করেননি শিল্পসচিব। তিনি বলেন, ‘আমরা বলছি না যে হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকবে। তাঁদের (মালিকদের) এপ্রিলের মধ্যেই প্রসেস শেষ করতে হবে।’
ট্যানারি শিল্প মালিকদের সংগঠন দুটি। একটি হচ্ছে বাংলাদেশ ট্যানারস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।