ট্যানারি সরালে নদীদূষণ ৩০ শতাংশ কমে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলো সরানো হলে বুড়িগঙ্গাসহ আশপাশের নদীর দূষণ ৩০ শতাংশ কমে যাবে। বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টি নিয়ে এক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত দেন। গতকাল রোববার সকালে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। পরিবেশ অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ এ সভার আয়োজন করে।

সভায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক বলেন, ট্যানারি স্থানান্তর করা হলে নদীতে ৩০ শতাংশ বর্জ্য দূষণ কমে যাবে। কলকারখানার বিষাক্ত রাসায়নিক পদার্থ ও ডাইং কারখানার বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। খুনের শাস্তি যেমন মৃত্যুদণ্ড, তেমনি নদীদূষণকারীদেরও এ রকম শাস্তি দেওয়া দরকার।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, নদীদূষণ রোধে নৌযানের বর্জ্য সংগ্রহ ও অপসারণের ব্যবস্থা করতে হবে। প্রতিটি লঞ্চ ও জাহাজে বর্জ্য ও আবর্জনা ফেলার ব্যবস্থা রাখতে হবে।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডল বলেন, ‘২৮ থেকে ৩০টি ট্যানারি ইতিমধ্যে স্থানান্তর করা হয়েছে। আশা করছি, বাকি ট্যানারিগুলো এ মাসের মধ্যে স্থানান্তর করা হবে। এতে নদীদূষণ কিছুটা কমে আসবে। হাসপাতালের বর্জ্য ব্যবস্থায় দেশ পিছিয়ে। এসব বর্জ্য পরিশোধন ও পরিকল্পিতভাবে ডাম্পিং করা প্রয়োজন।’

সভায় আরও বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর, ঢাকা মহানগর পরিচালক সুকুমার বিশ্বাস, বাংলাদেশ কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ, ডিএমপি কোতোয়ালি জোনের উপসহকারী কমিশনার শাহেন শাহ্, সহকারী পুলিশ সুপার আবুল কাশেম, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম, অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার ভাইস চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন প্রমুখ।