ট্যানারির বর্জ্য দিয়ে পোলট্রি খাবার তৈরি বন্ধের দাবি
ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে পোলট্রি খাবার হাঁস-মুরগিকে খাওয়ানোর ফলে তাদের দেহে বিষাক্ত রাসায়নিক পদার্থ ঢুকে পড়ছে। ওই সব হাঁস-মুরগি খেয়ে মানুষ ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এর ফলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর জন্মহারও বেড়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত ‘ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে পোলট্রি ফিড তৈরি: জনস্বাস্থ্যের ওপর প্রভাব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। একই সঙ্গে তাঁরা ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে পোলট্রি খাবার (ফিড) তৈরি বন্ধ করার দাবি জানিয়েছেন।পবা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, পোলট্রি ফিড তৈরিতে বৈজ্ঞানিক পদ্ধতি অথবা পরিশোধন নীতিমালা মানছেন না শিল্পমালিকেরা। বিষাক্ত পদার্থ দিয়ে পোলট্রি খাবার তৈরি করায় হাঁস-মুরগির ডিমে অস্বাভাবিক মাত্রায় ডাই-অক্সিন মিশে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। বৈঠকে সভাপতিত্ব করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। মূল প্রবন্ধ পড়ে শোনান সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবু জাফর মাহমুদ, গবেষক হোসেন শাহরিয়ার, বিসিএসআইআরের সাবেক পরিচালক ফরমুজুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।