ট্যানারির বর্জ্যে পোলট্রি খাদ্য উৎপাদনকারী কারখানা বন্ধের নির্দেশ
ট্যানারির বর্জ্য ব্যবহারকারী হাজারীবাগ এলাকার পোলট্রি ও মৎস্যখাদ্য উৎপাদনকারী কারখানাগুলো এক মাসের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেন।রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এ ছাড়া ঢাকাসহ কয়েকটি জেলায় পশুখাদ্য উৎপাদনে ট্যানারির বর্জ্য ব্যবহার বন্ধ ও নিয়ন্ত্রণে দুই মাসের মধ্যে একটি তদারক নীতিমালা গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ গত বছর এ নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করে। এ পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ জুলাই আদালত রুল জারিসহ কয়েক দফা অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন। রুলে মৎস্য ও পশুখাদ্যে ট্যানারির বর্জ্য ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। স্বাস্থ্যসচিব, মৎস্যসচিব, শিল্পসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত গতকাল রায় দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।