একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেছেন, ট্রাইব্যুনাল জঙ্গলের শাসনের চেয়েও খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছেন।গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এম কে আনোয়ার এ কথা বলেন।জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলায় পুলিশের কাছে দেওয়া ১৫ জন সাক্ষীর জবানবন্দিকে তাঁদের অনুপস্থিতিতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করার যে আদেশ ট্রাইব্যুনাল দিয়েছেন, তার সমালোচনা করে বিএনপির এই নেতা এ কথা বলেন।‘বাংলাদেশ: চতুর্মুখী আগ্রাসনে অতিষ্ঠ জনপদ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ। প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার দাবি করেন, ট্রাইব্যুনাল যে পদ্ধতিতে বিচার করছেন, তাতে অভিযুক্ত ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া হয়নি। পুলিশের কাছে দেওয়া জবানবন্দি সাক্ষীর অনুপস্থিতিতে গ্রহণ করার যে আদেশ আদালত দিয়েছেন, তা প্রাগৈতিহাসিক। এটি আইনের শাসন নয় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘কেন এত টালবাহানা? তার চেয়ে পল্টনে নিয়ে ফাঁসি দিয়ে দেন!’বিএনপির নেতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী বক্তৃতা করেন। তিনি বলেন, ‘বিএনপির নেতারা প্রায়ই বলেন, আমরা যুদ্ধাপরাধের চাই, কিন্তু তা হতে হবে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের। কিন্তু বিচার আন্তর্জাতিক মানের ও স্বচ্ছ হচ্ছে কি না, তা কি আপনারা দেখছেন? না দেখলে কবে দেখবেন, ওনারা মারা গেলে দেখবেন?’