ট্রাইব্যুনালের বিরোধিতাকারীদের গ্রেপ্তারের দাবি
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও মওদুদ আহমদসহ ট্রাইব্যুনালের বিরোধিতাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এ ছাড়া যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের নিঃশর্ত মুক্তির বিষয়ে বিএনপি ও জামায়াতের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ওই সব সংগঠনের নেতারা।গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত মানববন্ধন, আলোচনা সভা, সমাবেশ ও বিবৃতি-বিজ্ঞপ্তিতে এসব দাবি জানান তাঁরা।পেশাজীবী নারীসমাজ: দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সংগঠনের সভাপতি মাহফুজা খানম, জাতীয় নারীজোটের আহ্বায়ক আফরোজা হক, নারী প্রগতি সংঘের সভাপতি রোকেয়া কবির, ফেরদৌসী প্রিয়ভাষিণী, হাজেরা সুলতানা, জুলেখা বেগম প্রমুখ।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজ পুত্রদের রক্ষার চেষ্টা করা ছাড়া খালেদা জিয়ার আর কোনো রাজনীতি নেই। যাঁরা যুদ্ধাপরাধের বিচার ভণ্ডুল করার চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এ কর্মসূচিতে অন্য বক্তারা বলেন, খালেদা জিয়া, মওদুদসহ যাঁরা যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন, ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার কথা বলছেন, তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মানববন্ধন শেষে রাজপথে একটি মিছিল বের করা হয়।মহিলা পরিষদ: মানবতাবিরোধী অপরাধীদের নিঃশর্ত মুক্তি নিয়ে বিএনপি-জামায়াত জোটের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি। এতে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সরকারের উদ্যোগের প্রতি নারীসমাজসহ সমগ্র দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ওই সব চিহ্নিত অপরাধী স্বাধীনতাযুদ্ধের সময় হত্যা, খুন, ধর্ষণের মতো ঘৃণ্য মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়েছে। এখন তাদের মুক্তির জন্য তাদেরই দোসরেরা দেশে-বিদেশে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিচারব্যবস্থা বানচালের অপপ্রয়াস চালাচ্ছে।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: গণগ্রন্থাগার মিলনায়তনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো বিচার-প্রক্রিয়ায় নয়, সরাসরি প্রাণদণ্ড দেওয়া উচিত।’আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি যে যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে, তা খালেদার বক্তব্য ও মওদুদ আহমদের ট্রাইব্যুনাল বন্ধ করে দেওয়ার দাবি থেকেই প্রমাণ হয়। যাঁরা যুদ্ধাপরাধীদের রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন, একদিন তাঁদেরও বিচারের মুখোমুখি করা হবে।’সভায় আয়োজক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ: সমন্বয়ক অজয় রায়সহ কেন্দ্রীয় নেতারা এক যুক্ত বিবৃতিতে যুদ্ধাপরাধীদের পক্ষে খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।হান্নান শাহ বলেন: মুক্তিযোদ্ধা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মান রক্ষা করার দাবি জানায়।